ফতুল্লা টেস্ট অমীমাংসিতই দেখছেন ধাওয়ান
ফতুল্লা টেস্টে বৃষ্টির তাণ্ডব চলছেই। চারদিনে সর্বসাকল্যে খেলা হয়েছে মাত্র ১৩৩.৪ ওভার। এ নিয়ে ভীষণ হতাশ শিখর ধাওয়ান। ম্যাচটা যে ড্রয়ের দিকে এগোচ্ছে সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত ভারতের বাঁহাতি ওপেনার। তবে ফল যা-ই হোক, নিজের পারফরম্যান্সে তিনি দারুণ খুশি।
শনিবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ধাওয়ান বলেন, ‘বৃষ্টির বাগড়ায় বারবার খেলা বাধাগ্রস্ত হচ্ছে। এটা ভীষণ হতাশাজনক। এই চারদিনে আমরা খুব বেশি সময় মাঠে থাকতে পারিনি। অবশ্য এর ওপরে কারো হাত নেই। এই টেস্ট কোন দিকে যাচ্ছে বা পঞ্চম দিনে কী হতে পারে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।’
গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে শতক করেছিলেন। এরপর কিছুতেই শতকের দেখা পাচ্ছিলেন না। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করে দারুণ খুশি ধাওয়ান, ‘বৃষ্টিতে বারবার খেলা বন্ধ হওয়ায় হতাশ ঠিকই, তবে অনেকদিন পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়ে খুব ভালো লাগছে।’
ফতুল্লায় ১৭৩ রানের চমৎকার ইনিংস খেলতে অবদান রাখায় উদ্বোধনী জুটির সঙ্গী মুরালি বিজয়কে ধন্যবাদ জানাতেও ভুললেন না ধাওয়ান, ‘বিজয় খুব ভালো ব্যাটসম্যান। এই ম্যাচে তার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি। তাই সেঞ্চুরি করাও সম্ভব হয়েছে।’
নতুন অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করলেন তিনি, ‘কোহলি নেতা হিসেবে খুব ভালো। বন্ধুসুলভ আচরণের সঙ্গেই সে দলকে নেতৃত্ব দিচ্ছে। মাঠে আর মাঠের বাইরে দলের প্রত্যেককে দারুণ সহযোগিতা করছে। আশা করি তার অধিনায়কত্বে ভারত অনেক দূর এগিয়ে যাবে।’

ক্রীড়া প্রতিবেদক