জয়ে ফিরেছে মাশরাফি-মুশফিকের রূপগঞ্জ
প্রতিপক্ষ কলাবাগানকে ১৭৬ রানে বেঁধে ফেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তখনই বোঝা গেছে ম্যাচে জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না তাদের। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এই ম্যাচে মাশরাফি-মুশফিকের রূপগঞ্জ তিন উইকেটে জয় তুলে নিয়েছে।
আজ বুধবার বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। দলীয় ৭৯ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত খুব বেশিদূর এগুতে পারেনি তারা। মাশরাফি-শরিফ-মোশাররফ দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় বাধা হয়ে দাঁড়ান।
জবাবে অধিনায়ক মুশফিকুর রহিম ও আফগানিস্তানের আসহার জাইদির ব্যাটিং দৃঢ়তায় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ২৬.৪ ওভারে সাত উইকেট হারিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে তারা।
মুশফিক ৫৩ বলে ৪৪ রান এবং জাইদি ১৭ বলে ৩৭ রান করেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুধু বল হাতেই নয়, ব্যাটহাতেও এদিন ছিলেন বেশ উজ্জ্বল। ১৮ বলে ২৩ রান করেন তিনি। একটি চার ও দুটি ছক্কা ছিল তাঁর এই ইনিংসে।
আবুল হাসান, মুক্তার আলী ও সঞ্জিত সাহা দুটি করে উইকেট নিয়ে রূপগঞ্জের জয়ের পথে বাধা হতে পারেননি। ব্যাটে দুর্দান্ত খেলে মাশরাফি হন ম্যান অব দ্য ম্যাচ হন।

ক্রীড়া প্রতিবেদক