প্রশান্তের সেঞ্চুরির পর বল হাতে তানভীরের ঘূর্ণি
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ভারতীয় ব্যাটসম্যান প্রশান্ত চোপড়ার সেঞ্চুরি ও স্পিনার তানভীর হায়দারের ঘূর্ণি-জাদুতে ব্রাদার্স ইউনিয়নকে ৯২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে শেখ জামাল। জবাবে ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে ব্রাদার্স।
৩১০ রান তাড়া করতে নেমে ৬ ওভারেই ৫৯ রান তুলে নেন জুনায়েদ সিদ্দিকী ও মিজানুর রহমানের উদ্বোধনী জুটি। এরপরই দ্রুত দুটি উইকেট হারিয়ে বসে ব্রাদার্স। মিজানুর ফিরেন ৩১ রান করে আর জুনায়েদ সিদ্দিক আউট হন ২৫ রানে।
এরপর ব্রাদার্সের হয়ে একাই লড়েন ফরহাদ হোসেন। ভারতীয় রিক্রুট মানবিন্দর বিসলার সঙ্গে ৬০ ও মাইশুকুর রহমানের সঙ্গে ৫৬ রানের জুটি বাঁধেন ফরহাদ। মাইশুকুর ফিরে যাওয়ার পর আর কোনো ব্যাটসম্যানই সঙ্গ দিতে পারেননি ফরহাদকে। শেষ পর্যন্ত ২১৭ রানে অলআউট হয় ব্রাদার্স। ৭৯ বলে তিনটি করে চার ও সমান সংখ্যক ছক্কায় ৭০ রান করেন ফরহাদ। এ ছাড়া মাইশুকুর করেন ৩০ রান। শেখ জামালের হয়ে ৫ উইকেট নেন তানভীর। সোহাগ গাজী নিয়েছেন দুটি উইকেট।
এর আগে টস জিতে জামালের হয়ে সেঞ্চুরি করেছেন ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের ব্যাটসম্যান প্রশান্ত চোপড়া। ১১৬ বলে ১০৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। সাতটি চার ও তিনটি ছক্কা ছিল তাঁর এই ইনিংসে। এ ছাড়া দলের হয়ে ফজলে মাহমুদ ৭৮ ও আবদুল্লাহ আল মামুন করেন ৫৯ রান।

স্পোর্টস ডেস্ক