‘এখন ফাইনালের স্বপ্ন দেখতেই পারি’
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরের শেষচারে ওঠা লাল-সবুজের দলের একটা বড় অর্জনই বটে। মাশরাফিদের এই সাফল্যে পুরো দেশ আনন্দে ভাসছে। আরো বেশি আনন্দিত জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ দলের বর্তমান প্রধান নির্বাচকের বিশ্বাস, সবকিছু ঠিকভাবে হলে বাংলাদেশ ফাইনালেও খেলতে পারে।
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের সঙ্গে সম্পৃক্ত নান্নু। এখন তিনি জাতীয় দলের প্রধান নির্বাচক। গত দুই বছরে দলের অসাধারণ পারফরম্যান্স একেবারেই কাছ থেকে দেখেছেন তিনি। তাই বাংলাদেশ এই আসরের ফাইনালে উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেও মনে করেন তিনি।
চ্যাম্পিয়রনস ট্রফি উপলক্ষে এনটিভির নিয়মিত আয়োজন ব্যাটেল অব চ্যাম্পিয়নসে বাংলাদেশ দলের খুবই প্রশংসা করেন নান্নু। সে অনুষ্ঠানে তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, অবশ্যই তা খুবই ভালো লাগছে। প্রধান নির্বাচক হিসেবে আমার ভালোলাগাটা কিছুটা বেশিই বলতে পারেন। বাংলাদেশ যে ধারাবাহিকভাবে উন্নতি করছে, এটা তারই প্রতিফলন। আশা করছি বাংলাদেশ আরো অনেক দূর যাবে।’
বাংলাদেশ এখন ফাইনালে খেলতে পারে বলেও মনে করেন তিনি, ‘এখন কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালের স্বপ্নটা চলে এসেছে। ১৫ তারিখের অপেক্ষায় আছি, সেদিন সেমিফাইনালে বাংলাদেশ কেমন করে তা দেখার জন্য। দলের সাফল্যে আমি খুবই আশাবাদী। তা ছাড়া খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেশ ভালো জায়গায় রয়েছে।’
এই সাফল্য পাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের অভিজ্ঞতাটাই বেশি কাজে এসেছে বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘এই আসরে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে রয়েছেন। তারুণ খেলোয়াড়রা খারাপ খেলছে তা কিন্তু নয়, তারাও ভালো করছে। আসলে খেলোয়াড়দের অভিজ্ঞতাটাই বেশি কাজে আসছে।’
দলের এই উন্নতিটা ধারাবাহিকতারই ফল বলে মনে করেন নান্নু, ‘গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর থেকেই শুরু হয়েছিল, সে ধারাবাহিকতাটা এখনো অব্যাহত রেখেছে বাংলাদেশ। এর পর থেকে প্রতিটা সফরেই উন্নতি করছে এবং সাফল্য পাচ্ছে। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও আমরা ভালো খেলেছিলাম।’

ক্রীড়া প্রতিবেদক