‘আমরা সাকিবনির্ভর নই’
সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় নির্দ্বিধায় বলা যায়। বিশ্বসেরা এই অলরাউন্ডার ভালো খেললে দলের সাফল্য পেতে অনেক সহজ হয়ে যায়। তারপরও একজন সাকিবের ওপর পুরো দল নির্ভরশীল নয় বলে মনে করেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাকিব ছিলেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার। করেছেন ২৬ রান। সাকিব তাঁর ইনিংসটাকে বড় করতে পারেননি বলেই কি জিততে পারেনি বাংলাদেশ?
সৌম্য সরকার মোটেও তা মনে করছেন না। সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিব ভাই ভালো খেললে দলের জন্য সুবিধা হয় সত্য, তাই বলে আমরা একেবারেই তাঁর ওপর নির্ভরশীল নই। আসলে পুরো দলই সেদিন ভালো খেলতে পারেনি, তাই আমরা হেরেছি সেই ম্যাচে। তবে তিনি নিজের ইনিংসটাকে আরো বড় করতে পারলে হয়তো আমরা জিততেও পারতাম।’
সাতক্ষীরার এই ব্যাটসম্যান অবশ্য স্বীকার করেন দলকে উজ্জীবিত করতে সাকিব বিভিন্ন সময় যে পরামর্শ দেন তা বেশ কাজে আসে, ‘টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন সাকিব ভাই। বিশ্বের বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন সব সময়, যেটা বেশ কাজে আসে। দল আর খেলোয়াড়রা এতে বেশ উপকৃত হয়।’
ব্যক্তিগতভাবে সৌম্যকেও সাকিব সহযোগিতা করেন বলে জানালেন তিনি, ‘সাকিব ভাইয়ের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয় আমার। তিনি আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন, যা আমার খুবই কাজে আসে।’

ক্রীড়া প্রতিবেদক