দুর্ঘটনা ঠেকাবে বুমরাহর নো বল!
চ্যাম্পিয়নস ট্রফিতে হারের যন্ত্রণাটা এখনো ভুলতে পারেনি ভারত। জাসপ্রিত বুমরাহর দেওয়া ‘অভিশপ্ত’ নো বলে আউট হয়েও বেঁচে যান ফখর জামান। পরে তাঁর অনবদ্য সেঞ্চুরির কারণেই স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করে পাকিস্তান। আর হার নিয়ে মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টের প্রধান ফেভারিট ভারতকে। বুমরাহর সেই নো বল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম ব্যাঙ্গ হয়নি। তবে এবার সেই নো বলটাকে ইতিবাচক অর্থে ব্যবহার করছে দেশটি। দুর্ঘটনা এড়াতে বুমরাহর সেই নো বলের ছবি ব্যবহার করছে রাজস্থানে রাজধানী জয়পুরের ট্রাফিক বিভাগ। সম্প্রতি জয়পুরের রাস্তায় বেশ সাড়া ফেলেছে এই বিজ্ঞাপনটি।
নিরাপদে সড়ক পার হওয়ার আহ্বান জানিয়ে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করছে জয়পুরের ট্রাফিক পুলিশ। যেখানে দেখানো হয়েছে, একটি জেব্রা ক্রসিংয়ের সামনে দুটি গাড়ি দাঁড়িয়ে। তাদের লাইন পেরিয়ে আসতে বারণ করা হচ্ছে। বুমরাহর সেই নো বলের ছবি দেখিয়ে বলা হচ্ছে, এই লাইন পার হবেন না। আপনি জানেন এর ফল কতটা মারাত্মক হতে পারে!
জয়পুরের পুলিশ কমিশনার সঞ্জীব আগারওয়াল এটাকে ব্যতিক্রমী একটি বিজ্ঞাপন মনে করছেন। পুলিশের এই কর্তাব্যক্তি বলেন, ‘তরুণরা সাধারণত ট্রাফিক আইন খুব একটা মানে না। আমরা ক্রিকেটের এই বিষয়টিকে গ্রহণ করেছি যাতে করে তরুণটা ট্রাফিক আইন মানতে আগ্রহী হয়। তারা যেন বুঝতে পারে লাইন পেরোলেই তাদেরকে এর কড়া মূল্য দিতে হবে।’
১৮ জুন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টস হেরে ব্যাটিং করছিল পাকিস্তান। চতুর্থ ওভারে বুমরাহর বলে ধোনির হাতে খোঁচা দিয়ে আউট হয়ে যান ফখর জামান।
তখনই আম্পায়ার দেখান বুমরাহ ‘নো বল’ করেছেন। জামানের রান তখন ৩! এরপর পুরো ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ১০৬ বলে ১১৪ রান করেন ফখর জামান। সেই ম্যাচে ১৮০ রানে ভারতকে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। আর ভারতীয়দের কাছে ভিলেন হয়ে ধরা দেন জাসপ্রিত বুমরাহ। দুর্ঘটনা ঠেকিয়ে এবার যদি নায়ক হতে পারেন ভারতীয় পেসার, সেটাই বা মন্দ কি!

স্পোর্টস ডেস্ক