পুরস্কার নিলেন গ্র্যান্ড বিজয়ীরা
আড়ং ডেইরি-এনটিভি অনলাইনের ক্রিকেট কুইজের সব বিজয়ী পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার এনটিভি অনলাইন কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার তিন গ্র্যান্ড বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাঁরা পেয়েছেন স্যামসাং গ্যালাক্সি ট্যাব ফোর (প্রথম), গ্যালাক্সি ট্যাব থ্রিভি (দ্বিতীয়) ও গ্যালাক্সি কোর প্রাইম স্মার্টফোন (তৃতীয়)। ব্র্যাকের আড়ং ডেইরির সহযোগিতায় ১৫ দিনব্যাপী কুইজ প্রতিযোগিতাটির আয়োজন করে এনটিভি অনলাইন।
আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি অনলাইনের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজের ডিজিটাল ও কনটেন্ট মার্কেটিং ম্যানেজার সাবা আল কবির, আউটডোর ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফিসার মো. তানিমুল আজাদ রিফাত, হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভি অনলাইনের চিফ অব বিজনেস কবির আহমদ, মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ, সহকারী মার্কেটিং ম্যানেজার রুহুল আমিন রনি, মার্কেটিং বিভাগে জ্যেষ্ঠ নির্বাহী মো. আবু নাসিম ও তানজানিয়া ফেরদৌসী।
প্রথম পুরস্কার বিজয়ী পারভেজ আলম। তিনি চট্টগ্রামের ইস্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগে নির্বাহী হিসেবে কর্মরত। নিয়মিত ক্রিকেট খেলা দেখেন। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন সত্যিই দারুণ। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়ে আমি ভীষণ আনন্দিত। এনটিভি অনলাইন একটি অত্যাধুনিক মিডিয়া। এটি খুব ভালো করছে।’
দ্বিতীয় পুরস্কার বিজয়ী ইকরামুল কবিরের ছোট ভাই সাইদ হোসেন ভাইয়ের পক্ষে পুরস্কার নেন। সাইদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বলেন, ‘পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। আমি নিয়মিত এনটিভি অনলাইনের খবর পড়ি। আর এ ধরনের আয়োজনের সঙ্গে আমিও আছি।’
তৃতীয় পুরস্কার বিজয়ী শাহানা ফেরদৌস বলেন, ‘জীবনে প্রথম পুরস্কার পেলাম। পুরস্কার পেয়ে আমি অভিভূত।’
গত ১৮ জুন থেকে আড়ং ডেইরি-এনটিভি অনলাইন ক্রিকেট কুইজ শুরু হয়। ১৫ দিনব্যাপী চলা এ প্রতিযোগিতা শেষ হয় ৩ জুলাই। কুইজ প্রতিযোগিতায় প্রতিদিনের পাঁচজন বিজয়ীর জন্য ছিল ৩০০ টাকার করে মোবাইল ব্যালান্স। তিন ধাপে ব্যালান্স বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আর ১৫ দিন কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে গ্র্যান্ড বিজয়ী করা হয়।

অনলাইন ডেস্ক