‘আইসিসি, শেহজাদকে ক্ষমা করুন’
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছর পর নবম ও দশম দেশ হিসেবে ক্রিকেটের অভিজাত এই ক্লাবে নাম লিখিয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। শিগগিরই এই দুটি দেশের টেস্ট অভিষেক হবে। তবে দেশের অভিষেক টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। এই ক্রিকেটারের মূত্র নমুনায় নিষিদ্ধ বস্তু ক্লেনবুটেরলের উপস্থিতি পাওয়া গেছে। আইসিসির ডোপিং আইন লঙ্ঘনের কারণে শেহজাদকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। তবে আফগান ক্রিকেট সমর্থকরা চাইছেন, এই ক্রিকেটারকে যেন ক্ষমা করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এর আগে শেহজাদ জানান যে, উপাদানটি যে নিষিদ্ধ সেটি জানতেন না তিনি। নিষিদ্ধঘোষিত এই বস্তু সেবনের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
প্রিয় ক্রিকেটারের এই দাবির ওপরই ভরসা রাখছেন দেশটির ক্রিকেটভক্তরা। শেহজাদকে যেন নিষিদ্ধ না করা হয় তার প্রচারণায় নেমেছেন তাঁরা। ফেসবুক ও টুইটারে শেহজাদের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছেন অনেকে। ‘ফরগিভএমএস’ হ্যাশট্যাগটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে। সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশটাগ দিয়ে ‘ফরগিভএমএস’ লিখেছে। দ্রুতই বেশ সাড়া ফেলেছে বিষয়টি।
দেশটির সাবেক ক্রিকেটাররাও শেহজাদের পক্ষে সরব হয়ে উঠেছেন। গুল আবিদ নামে দেশটির সাবেক তারকা ক্রিকেটার বলেন, ‘আফগানিস্তান কেবল ক্রিকেটে প্রবেশ করেছে। আন্তর্জাতিক নিয়মকানুন সম্পর্কে এখনো ভালোভাবে অবগত নন ক্রিকেটাররা। কোন কোন ওষুধ খাওয়া যাবে সেটাও অনেকে ভালোভাবে জানেন না। আমার মনে হয়, শেহজাদের ক্ষমা পাওয়া উচিত, যাতে সে দেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচটা খেলতে পারে।
ক্রিকেটে আফগানিস্তানের উত্থানে ২৯ বছর বয়সী শেহজাদের ভূমিকা অনেক। গত বছর আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডানহাতি এ ব্যাটসম্যান। সম্প্রতি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেট ফরম্যাটে তাঁর চেয়ে বেশি রান রয়েছে কেবল ব্রেন্ডন ম্যাককুলাম, তিলকারত্নে দিলশান ও মার্টিন গাপটিলের।

স্পোর্টস ডেস্ক