হেসেখেলেই জিতল শ্রীলঙ্কা
৩১০ রান করার পর জয়ের স্বপ্নই দেখছিল জিম্বাবুয়ে। তবে হ্যামিলটন মাসাকাদজার সেঞ্চুরিটাকে বৃথা করে দিলেন দুই লঙ্কান ওপেনার নিরোশান দিকভেল্লা ও দানুশকা গুনাথিলকে। এই দুজনের রেকর্ড উদ্বোধনী জুটিতে তৃতীয় ওয়ানডেটা হেসেখেলেই জিতল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের দেওয়া ৩১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬ বল আর ৮ উইকেট হাতে রেখে জিতল অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল।
হাম্বানটোটায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের ওপর তাণ্ডব বইয়ে দেন হ্যামিলটন মাসাকাদজা। মাত্র ৮৩ বলে শতক পূর্ণ করেন এই ব্যাটসম্যান। ৯৮ বলে ১১১ রানের ঝলমলে একটি ইনিংস খেলে বিদায় নেওয়ার আগে দলকে দারুণ জায়গায় পৌঁছে দেন এই ব্যাটসম্যান। মাসাকাদজা আউট হলে শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজারা জিম্বাবুয়েকে ৩১০ রানের বিশাল স্কোর এনে দেন। জিম্বাবুয়ের হয়ে তারিসাই মুসাকান্দা ৪৮, উইলিয়ামস ৪৩, সিকান্দার রাজা ২৫ ও পিটার মুর করেন ২৪ রান। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন হাসারাঙ্গা ও আসেলা গুনারত্নে।
৩১১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলতে থাকেন দিকভেল্লা ও গুনাথিলকে। উদ্বোধনী জুটিতে এই দুজন ২২২ বলে ২২৯ রান যোগ করেন।
ওয়ানডেতে লঙ্কানদের এটি পঞ্চম সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি। দুই তরুণ ক্রিকেটারের প্রথম ওয়ানডে শতকও এলো এই ম্যাচে। দলীয় ২২৯ রানে দিকভেল্লা ও এর খানিক বাদে গুনাথিলকে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিসের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা।
দিকভেল্লা ১১৬ বলে ১৪ চারে করেন ১০২ রান। অন্যদিকে ১১১ বলে ১১৬ রান করেন গুনাথিলকে। এছাড়া উপুল থারাঙ্গা ৪৪ ও কুশল মেন্ডিস করেন ২৮ রান। ম্যাচসেরা হয়েছেন গুনাথিলকে। আগামী শনিবার একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক