২০০ উইকেট
মাশরাফির চাই একটি, সাকিবের দুই
ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে মাত্র ৩৫ জন বোলার ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে পেরেছেন। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার মাত্র একজন—বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। তবে সংখ্যাটা এক থেকে তিন হয়ে যেতে পারে বুধবারই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর সহ-অধিনায়ক সাকিব আল হাসান ২০০ উইকেটের হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে। মাশরাফির উইকেট ১৯৯টি আর সাকিবের ১৯৮টি।
গত রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১৯৮ উইকেট নিয়ে শুরু করেছিলেন দুজনেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ বোলিং করে ১০ ওভারে মাত্র ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। মাশরাফিকে অবশ্য উইকেট না পাওয়ার হতাশায় পুড়তে হয়নি। ৫ ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন তিনি। ফারহান বেহারদিনকে নাসির হোসেনের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দেওয়ার কৃতিত্ব দেশের অন্যতম সেরা পেসারেরই।
তাই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মাত্র একটি সাফল্য পেলেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি। কীর্তিটা গড়তে তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার সাকিবের চাই দুই উইকেট।
ওয়ানডেতে ২০০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব মাত্র তিনজন বাঁহাতি স্পিনারের আছে—শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া (৩২৩), নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি (৩০৫) আর রাজ্জাক (২০৭)।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৩৪টি উইকেট নেওয়ার রেকর্ড নিঃসন্দেহে আরো অনেক দিন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের দখলে থাকবে। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে থাকা বোলারদের মধ্যে ‘মুরালি’র সবচেয়ে কাছাকাছি আছেন হরভজন সিং। ভারতের এই অফস্পিনারের ২৬১ উইকেট।
ওয়ানডেতে মুরালিধরন ছাড়া আর একজনই ৫০০ উইকেট নিতে পেরেছেন। অনেকের মতেই সর্বকালের সেরা বাঁহাতি পেসার পাকিস্তানের ওয়াসিম আকরামের উইকেটসংখ্যা ৫০২টি।

স্পোর্টস ডেস্ক