এবার সিরিজে চোখ ভারতের
ইতিহাসে নিজেদের সবচেয়ে খারাপ সময় পার করছে শ্রীলঙ্কা। কী ব্যাটিং আর কী বোলিং সব বিভাগেই একেবারে সাদামাটা একটা দলে পরিণত হয়েছে মুরালিধরন-সাঙ্গাকারাদের উত্তরসূরীরা। সম্প্রতি বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে নাকাল হয়েছে এক সময় ঘরের মাঠে মহাপরাক্রমশালী দলটি। এবার আরেকটি সিরিজ হারের দ্বারপ্রান্ত চান্দিমাল-ম্যাথিউসরা। আগামীকাল কলম্বোতে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে লঙ্কা বাহিনী। কোহলি-ধাওয়ানরা যে ফর্মে রয়েছেন তাতে হেরাথদের পক্ষে কি ভারতকে রোখা সম্ভব হবে?
গলে সিরিজে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়ে এগিয়ে রয়েছে বিরাট কোহলির দল। এখন সিরিজ জয় ছাড়া আর কিছু ভাবছেন না ভারতীয় দল। বৃহস্পতিবার টেস্ট শুরুর আগে মধুর সমস্যায় পড়েছে ভারত। সুস্থ হয়ে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। এদিকে প্রথম টেস্টে খুব একটা ভালো না করলেও মোটামুটি উতরে গেছেন ওপেনার অভিনব মুকুন্দ। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে অধিনায়ক বিরাট কোহলি কিন্তু রাহুলকেই খেলানোর কথা বললেন। কোহলি বলেন, ‘গত দুই বছরে নিজেকে দারুণভা্বে প্রমাণ করে চলেছে রাহুল। প্রস্তুতি ম্যাচেও দারুণ করেছে সে। তা্ই আমি মনে করি সে মূল একাদশে থাকবে।’
রাহুল দলে এলে তাহলে বাদ পড়ছেন কে? কোহলি অবশ্য সেটা পরিষ্কার করেননি। তিনি বলেন, ‘কাউকে না কাউকে তো বাদ পড়তেই হবে। সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে মুকুন্দেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। কারণ প্রথম টেস্টে ১৬৮ বলে ১৯০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন শিখর ধাওয়ান। তাই তাঁর বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
দ্বিতীয় টেস্টের আগে ভারত নির্ভার থাকলেও দারুণ সমস্যায় পড়েছে শ্রীলঙ্কা। আঙুলে চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার আসেলা গুনারত্নে। তাঁর জায়গায় খেলবেন লাহিরু থিরিমান্নে। অনুশীলন ম্যাচে ৫৯ রান করেছিলেন এই ব্যাটসম্যান। এদিকে কিছুটা চোট রয়েছে রঙ্গনা হেরাথেরও। বাঁহাতি এই স্পিনার খেলবেন কি না সেটা নিশ্চিত নয়। শেষ পর্যন্ত হেরাথ না খেললে মিলিন্দ পুষ্পকুমারাকে দলে নেওয়া হতে পারে। দলটির জন্য সুখবর হলো, এই ম্যাচে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালকে ফিরে পাচ্ছেন তাঁরা। নিউমোনিয়া হওয়ার কারণে প্রথম ম্যাচে খেলেননি তিনি।
সাম্প্রতিক পরিসংখ্যা্ন লঙ্কানদের পক্ষে কথা না বললেও কলম্বোর ইতিহাস কিন্তু চান্দিমালদের পক্ষেই। এই মাঠে সর্বশেষ আট টেস্টে ভারতে দুবার হারিয়েছে তারা। চারটি ম্যাচ ড্র হয়েছে।
ভারত সম্ভাব্য একাদশ : শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা , উমেশ যাদব ও মোহাম্মদ সামি।
শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ : উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান দিকভেল্লা, কুশল মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ ও রঙ্গনা হেরাথ।

স্পোর্টস ডেস্ক