‘ঢাকা, আমরা আসছি’
প্রায় এক যুগ পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বহু প্রতীক্ষিত এই সিরিজ ঘিরে টাইগারভ্ক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। একই অবস্থা অস্ট্রেলিয়ায়ও। প্রথমবারের মতো বাংলাদেশে আসার উত্তেজনা আছে অসি ক্রিকেটারদেরও। টেস্ট সিরিজ খেলতে আজ রাতেই ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে স্মিথ-ওয়ার্নারদের। বাংলাদেশের উদ্দেশে বিমানে উঠেই অসি দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার জানিয়ে দিলেন তাঁদের উচ্ছ্বাসের কথা। ছবি পরিচিতিতে ওয়ার্নার লিখেছেন, ‘যাওয়ার জন্য প্রস্তুত। ঢাকা, আমরা আসছি।’
এর আগে সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ সফরে আসে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এরপর প্রায় এক দশক পর ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল দলটির। তবে নিরাপত্তা ব্যবস্থার নিয়ে অসন্তুষ্টির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেটের ঐতিহ্যবাহী দলটি।
অবশেষে এক যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ওয়ার্নাররা। ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ফতুল্লায়। এরপর ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া দলের আসাটাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। দলটিকে অভিনন্দন জানিয়ে ওয়ার্নারের স্ট্যাটাসে একের পর এক মন্তব্য করছেন টাইগার সাপোর্টাররা। মায়েদুর রহমান রিফাত লিখেছেন, ‘আমরাও আপনাদের জন্য অপেক্ষা করছি।’ জাহিদ হাসান বলেন, ‘বাংলাদেশে স্বাগতম। এটা পৃথিবীর অন্যতম ক্রিকেটপ্রেমীদের দেশ।’ ওয়াসিমা আহমেদ লিখেছেন, ‘দুই বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি। অবশেষে প্রতীক্ষিত দিনটি চলেই এলো। উষ্ণ অভিনন্দন।’

স্পোর্টস ডেস্ক