তামিমের চিন্তায় আরো অনেক কিছু
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত টাইগারভক্তরা। সেই সঙ্গে আরেকটি স্বপ্নের বীজ বুনছেন তাঁরা। গত বছর টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এবার তাঁরা অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও এখন অসিবধের স্বপ্নে বুঁদ। সঙ্গত কারণে স্পিন দিয়েই অস্ট্রেলিয়াকে হারাতে চায় বাংলাদেশ। তবে টাইগার ওপেনার তামিম ইকবাল মনে করছেন কেবল স্পিন ফাঁদ পেতে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলতে পারলে জয় সম্ভব।
তামিম ইকবাল বলেন, ‘অস্ট্রেলিয়া খুবই পেশাদার একটি দল। প্রতিটি বিভাগে ভালো করতে পারলেই কেবল জয় সম্ভব। ব্যাটিংয়ে রান করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের পেসাররা ভালো করেছিল। এবারও তেমন কিছু করতে হবে। এই টেস্টে ভালো করতে হলে মুস্তাফিজ, মিরাজ-সাকিবকে ভালো বল করতে হবে। তাঁরাই আমাদের প্রধান বোলার। ওরা যদি ভালো করতে পারে তাহলেই আমাদের ভালো সুযোগ থাকবে।’
অস্ট্রেলিয়া শক্তিশালী দল হলেও তাদের হারানো কঠিন নয় বলে মনে করেন তামিম। তিনি জানান, টেস্টের প্রথম দিন থেকেই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তামিম বলেন, ‘জয়ের জন্যই মাঠে নামব আমরা। প্রতিটি দিনই ভালো খেলতে হবে আমাদের। প্রতিটি সেশন খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে পারলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।’
আগামী ২৭ আগস্ট থেকে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুরে হবে সিরিজের প্রথম ম্যাচটি। এরপর ৪ আগস্ট থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট।

স্পোর্টস ডেস্ক