চট্টগ্রাম টেস্ট বন্ধের হুমকি!
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন কিছু দর্শকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। বুধবার দক্ষিণ আফ্রিকা দলের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়ে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এমন ন্যক্কারজনক আচরণ বন্ধ না হলে চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি।
দ্বিতীয় দিন মধ্যাহ্ন-বিরতির সময় গ্যালারি থেকে কিছু দর্শক ‘ব্ল্যাক’ ‘ব্ল্যাক’ বলে চিৎকার করছিল। সে সময় মাঠে অনুশীলন করছিলেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার। দর্শকের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ম্যাচ রেফারির কাছে এ ব্যাপারে অভিযোগ করে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।
এ ব্যাপারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী রুবেলের বক্তব্য, “তামিম ইকবাল ও কুইন্টন ডি ককের কথাকাটাকাটির ঘটনা বেশ কিছু দর্শককে ক্ষুব্ধ করে। তারাই গ্যালারি থেকে ‘ব্ল্যাক, ব্ল্যাক’ বলে চিৎকার করছিল। তাই দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা ক্ষুব্ধ হন আর ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন।”
ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন। পরে অবশ্য বিসিবির কর্মকর্তারা তাঁকে বোঝাতে সক্ষম হয়েছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা।
ফজলে বারী এ ঘটনাকে তেমন গুরুত্ব দেওয়ার পক্ষে নন। তাঁর মতে, ‘ঘটনাটি বড় কিছু নয়। আমরা ম্যাচ রেফারিকে বোঝাতে সক্ষম হয়েছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পরে মাইকিং করে আর জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দর্শককে সতর্ক করে দেওয়া হয়েছে। আশা করি, আর কখনো এমন ঘটনা ঘটবে না।’

মাহমুদুল হাসান, চট্টগ্রাম থেকে