হ্যাটট্রিক ক্লাবের নতুন সদস্য কুলদীপ
ক্রিকেট মাঠে বোলারদের কাজটা ক্রমশ কঠিন হয়ে উঠছে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাবে আর ব্যাটিং সহায়ক পিচ বানানোর তাগিদে প্রায়ই নাজেহাল অবস্থায় মাঠ ছাড়তে হয় বোলারদের। একটি উইকেটের দেখা পাওয়াই হয়ে উঠছে মুশকিল। সেই জায়গায় পরপর তিন বলে তিন উইকেট, অর্থাৎ হ্যাটট্রিক করে বসাটা তো বিরল এক কীর্তিই বটে। সেই বিরল কাজটিই ক্রিকেটবিশ্বে আরেকবার করে দেখালেন ভারতের বাঁহাতি চায়নাম্যান কুলদীপ যাদব। নাম লেখালেন অভিজাত হ্যাটট্রিক ক্লাবের নতুন সদস্য হিসেবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া। ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে ফেলেছিল স্বাগতিকরা। শেষ ১৮ ওভারে প্রয়োজন ছিল ১০৫ রান। হাতে আরো পাঁচ উইকেট থাকায় অস্ট্রেলিয়ার জন্য কাজটা খুব কঠিনও মনে হচ্ছিল না। কিন্তু ৩৩তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুলদীপ। টানা তিন বলে সাজঘরে ফেরান ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার ও প্যাট কামিন্সকে।
অপর প্রান্তে হতাশ হয়ে দাঁড়িয়ে সতীর্থদের এই আসা-যাওয়া দেখতে হয়েছে মার্কাস স্টোইনিসকে। শেষ পর্যন্ত ৬২ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিতই ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু যোগ্য সঙ্গী না পাওয়ায় দলের হার এড়াতে পারেননি। কুলদীপের দারুণ বোলিংয়ে ৪৩.১ ওভার ব্যাটিং করেই ২০২ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
কুলদীপের আগে ভারতের মাত্র দুজন বোলার করতে পেরেছেন হ্যাটট্রিকের বিরল কীর্তি। কুলদীপ নাম লিখিয়েছেন চেতন শর্মা ও কপিল দেবের পাশে। ১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেট শুরুর পর এখন পর্যন্ত হ্যাটট্রিক দেখা গেছে মাত্র ৪৩ বার।

স্পোর্টস ডেস্ক