বিশ্বকাপে ক্রোয়েশিয়ার এক পা
মারিও মানজুকিচ ছিলেন না। তাতে কী, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই তারকা মিডফিল্ডার ইভান রাকিটিচ ও লুকা মডরিচ তো ছিলেন। এ দুই তারকা ফুটবলারের জাদুতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের প্রথম লেগের ম্যাচে গ্রিসকে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। এ জয়ে বিশ্বকাপের টিকেট পাওয়া ক্রোয়েটদের জন্য কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় লেগে কাকতালীয় কিছু না ঘটলে ক্রোয়েশিয়ার ২০১৮ সালে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপ খেলা নিশ্চিত। ৪-১ গোলে ম্যাচটা জিতে নেয় ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ডি-বক্সে নিকোলা কেলিনিচকে ফাউল করে বসেন গ্রিসের গোলরক্ষক কারনাজিস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করে দলকে এগিয়ে দেন মডরিচ। মিনিট পাঁচেক পড়েই গোল ব্যবধানটা দ্বিগুণ করেন কেলিনিচ। ইভান স্ট্রিনিচের পাসে বল পেয়ে গোল করেন কেলিনিচ।
প্রথমার্ধে গোল সংখ্যাটা আরো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। হেডে দলের তৃতীয় দলটা করেন ইভান পেরিসিচ। অবশ্য এর আগে ৩০তম মিনিটে গোল শোধ করে সফরকারী গ্রিস।
বিরতি থেকে ফিরে ম্যাচের শেষ গোলটি করে ক্রোয়েশিয়া। সিমে ভ্রাসালিকোর দারুণভাবে পরাস্ত করেন গ্রিসের রক্ষণভাগকে। সামনে থাকা ক্রামারিজ বল পেয়ে জালে জড়িয়ে দেন।

স্পোর্টস ডেস্ক