রোনালদো আমার চেয়েও স্বার্থপর : বেনজেমা
উদ্ধত, অহংকারী, স্বার্থপর। এমন অনেক বিশেষণই ব্যবহার করা হয় এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। রোনালদো যে স্বার্থপর, সে কথা সম্প্রতি বেশ খোলাখুলিই বলেছেন তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা। রোনালদো তাঁর চেয়েও বেশি স্বার্থপর বলে মন্তব্য করেছেন এই ফরাসি ফরোয়ার্ড।
২০০৯-১০ মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে একসঙ্গে খেলছেন বেনজেমা ও রোনালদো। দুজনেই দুজনকে বেশ ভালোমতো চিনে গেছেন এই কয় বছরে। সেখানে রোনালদোকে স্বার্থপর হিসেবে চিনতেও কষ্ট হয়নি বেনজেমার। সম্প্রতি স্পেনের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রোনালদোর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তাঁর সঙ্গে খেলতেও আমার ভালো লাগে। সে আমার চেয়েও বেশি স্বার্থপর। কিন্তু সেটা স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে আমি তেমন ভাবি না। আর শেষ পর্যন্ত সেটা দলের জন্যও ভালো।’
সতীর্থদের দিয়ে গোল করানোর চেয়ে গোল করার দিকেই বেশি নজর থাকে রোনালদো বা বেনজেমার। প্রতি মৌসুমেই তাঁরা করে চলেন একের পর এক গোল। তবে রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে খুব বেশি সুবিধা করতে পারেন না বেনজেমা। আর এটা নিয়ে কিছু করারও নেই বলে মন্তব্য তাঁর, ‘রিয়ালে আমিও গোল করি। কিন্তু যখন আপনি দেখবেন, আপনার পাশের খেলোয়াড়টি প্রতি মৌসুমে ৫০টি করে গোল করছে, তখন আপনার কিছু করার থাকে না। আমি লিঁয়তে যেভাবে খেলতাম, তার চেয়ে এটা অনেক আলাদা পরিস্থিতি। তবে আমি সব সময়ই ভালো খেলতে চাই আর শিরোপা জিততে চাই। খেলাটা উপভোগ করতে চাই।’

স্পোর্টস ডেস্ক