লুইস ঝড়ে আবার শীর্ষে ফিরল ঢাকা
সর্বশেষ দুটি ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বেশ চাপে ছিল ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য পাগল হয়ে দলটি পোলার্ড, আমিরের মতো বিশ্বসেরা তারকাদের বাদ দিতেও কুণ্ঠাবোধ করেনি। অবশেষে প্রতীক্ষিত সেই জয়টি পেল সাকিব আল হাসানের দল। চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। নয় ম্যাচে পাঁচ জয়ের ঢাকার সংগ্রহ ১১ পয়েন্ট। খুলনার সংগ্রহও ১১। তবে নিট রান রেটে খুলনা টাইটানসের (.০২৫) চেয়ে এগিয়ে আছে ঢাকা ডায়নামাইটস (১.৪৩১)।
প্রথমে ব্যাটিং করে ১৮৭ রানের হৃষ্টপুষ্ট স্কোর গড়ে চিটাগং ভাইকিংস। জবাবে সাত বল ও সমানসংখ্যক উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা ডায়নামাইস।
১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই শহীদ আফ্রিদিকে ফেরান তাসকিন আহমেদ। আজ রানের খাতাই খুলতে পারেননি পাক সুপারস্টার। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ঝড় তোলেন এভিন লুইস ও জো ডেনলি। ৩১ বলে ৭৫ রান করা লুইস যখন ফিরে যান, ঢাকা তখন জয় দেখছে। ১১৯ রানে লুইস ফেরার খানিকবাদে ডেনলিও ফিরে যান। ৩৯ বলে ৪৪ রান করেন এই ব্যাটসম্যান।
দ্রুত দুই উইকেট হারানো ঢাকা তখন কিছুটা চাপে। তবে ক্যামেরন দেলপোর্ট (২৪ বলে ৪৩) ও সাকিব আল হাসান (১৭ বলে ২২) মিলে ঢাকার সহজ জয় নিশ্চিত করেন।
এর আগে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস। তৃতীয় ওভারেই সৌম্য সরকারকে ফেরান সুনীল নারাইন। মাত্র এক রান করেন স্বাগতিক ওপেনার। সৌম্য ফিরলেও অন্যপ্রান্তে ঝড় শুরু করেন লুক রঞ্চি। এই ম্যাচে তাঁকে সঙ্গ দেন এনামুল হক বিজয়। মাত্র ১১ ওভারে এ দুজন স্কোরে যোগ করেন ১১৭ রান। ৪০ বলে চারটি চার ও সমানসংখ্যক ছয়ে ৫৯ রান করেন রঞ্চি। ১৪তম ওভারে রঞ্চি ফেরার পর বেশিক্ষণ টেকেননি স্টিয়ান ভ্যান জাইল ও এনামুল হক বিজয়। ১৬তম ওভারের ভ্যান জাইল ও পরের ওভারে বিজয় ফিরে যান। ৪৭ বলে ৭৩ রান করেন সাবেক টাইগার ওপেনার।
এরপর নজিবুল্লাহ জাদরান ও সিকান্দার রাজার ছোট ছোট ক্যামিওতে শেষ পর্যন্ত ১৮৭ রানের বড় স্কোর গড়ে চিটাগং ভাইকিংস। দলে একটি পরিবর্তন এনে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে চিটাগং। লুইস রিসের পরিবর্তে আজ খেলেছেন রায়াদ এমরিট। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসে আছে চার পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন কাইরন পোলার্ড, মোহাম্মদ আমির, মেহেদী মারুফ ও নাদিফ চৌধুরী। তাঁদের পরিবর্তে খেলছেন মোহাম্মদ শহীদ, মোহাম্মদ সাদ্দাম, ক্যামেরন ডেলপোর্ট ও জো ডেনলি।

স্পোর্টস ডেস্ক