টি-টেন লিগ শিরোপা সাকিবের কেরালার
টি-টেন লিগের ফাইনালে মুখোমুখি হয়ে যেতে পারতেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তামিমের পাখতুনকে। আর শুধু ফাইনালে গিয়েই থেমে থাকেনি সাকিবের কেরালা কিংস। জিতে নিয়েছে শিরোপাও। পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় দিয়ে টি-টেন লিগের প্রথম শিরোপা জিতেছে কেরালা কিংস।
ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় পেয়েছে সাকিবের কেরালা। পল স্টার্লিং ও ওয়েন মরগানের দারুণ ব্যাটিংয়ে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সাকিবের দল। ব্যাট হাতে মাঠেই নামতে হয়নি সাকিবকে। তবে আগে বোলিং করে অবশ্য ভালো নৈপুণ্য দেখাতে পারেননি সাকিব। দুই ওভার বোলিং করে দিয়েছেন ৩১ রান।
১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি কেরালার। প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছিল চাডউইক ওয়াল্টনকে। তবে দ্বিতীয় উইকেটে ১১৩ রানের ঝড়ো জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন স্টার্লিং ও মরগান। সপ্তম ওভারে মরগান যখন ২১ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফিরে গেছেন, তখন নিশ্চিতই হয়ে গেছে কেরালার জয়। ২৩ বলে ৫২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন স্টার্লিং।
সেমিফাইনালে অনেক লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয়েচে তামিম ইকবালের পাখতুনকে। পাঞ্জাব লিজেন্ডসের বিপক্ষে শুরুতে ব্যাটিং করে পাখতুন করেছিল ১২৯ রান। লুক রনকি ও শোয়েব মালিকের ভালো ব্যাটিংয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে পাঞ্জাব। ৯ বলে ১৭ রান করেছিলেন তামিম।

স্পোর্টস ডেস্ক