আসছে ক্রিকেটারদের নতুন জার্সি
গত বিশ্বকাপ ও এরপর ঘরের মাঠে টানা তিনটি সিরিজে একই ডিজাইনের জার্সি পরে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। তবে আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে নতুন জার্সি পরে মাঠে নামবেন মাশরাফি-সাকিবরা। ক্রিকেট দলের জন্য নতুন জার্সি বেছে নিতে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রতিযোগিতার নাম ‘অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট’।
এই উদ্যোগে বিসিবির সঙ্গে আছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রবি জাতীয় দলগুলোরও স্পন্সর। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাবউদ্দিন আহমেদ, বিসিবির বিপণন কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে জাতীয় ক্রিকেট দলের জার্সির ডিজাইন করে জমা দিতে হবে। jersey@robi.com.bd এই ঠিকানায় জার্সির নকশা ই-মেইল করে অথবা www.wearetigers.com.bd ওয়েবসাইট ভিজিট করে পছন্দের ডিজাইন আপলোড করেও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আগ্রহীরা।
অংশগ্রহণকারীদের কাছ থেকে জার্সির ডিজাইন গ্রহণ করা শেষে বিসিবি কর্মকর্তা, সাবেক ক্রিকেটার, বিখ্যাত শিল্পী, ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন আইকনদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল ১১ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেন। এই ১১টি জার্সির বিজ্ঞাপন প্রচার করবে রবি।
কোড নম্বর অনুসারে সেরা জার্সি নির্বাচনের জন্য ভোট আহ্বান করা হবে। আগ্রহীরা এসএমএস ও অনলাইনে ভোট দিতে পারবেন। রবি গ্রাহকরা পছন্দের ডিজাইন কোড টাইপ করে ২২০২০ এই নম্বরে এসএমএস করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। অনলাইনে ভোটের জন্য আগ্রহীদের www.wearetigers.com.bd সাইট ভিজিট করতে হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।
আগামী অক্টোবরে ঈদের ছুটির পর গ্র্যান্ড ফিনালে আয়োজন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে পাঁচ লাখ টাকা। সেরা ডিজাইনটি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের জার্সি হিসেবে ব্যবহৃত হবে।
এই প্রতিযোগিতা সম্পর্কে রবির চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স পুরো জাতিকে মুগ্ধ করেছে। লাখো ভক্তের ভালোবাসা আর আবেগের প্রতীকে পরিণত হয়েছে জাতীয় ক্রিকেট দলের জার্সি। রবি ক্রিকেট ভক্তদের সমর্থনের প্রতি সম্মান জানাতে জার্সি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। এই উদ্যোগে বিসিবির সমর্থন পেয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সমর্থকদের ডিজাইন করা জার্সি অবশ্যই ক্রিকেটারদের আগামীর পথ চলায় বিশেষভাবে অনুপ্রাণিত করবে।’

ক্রীড়া প্রতিবেদক