স্মিথ-ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার লড়াই
অ্যাশেজ হার নিশ্চিত হয়ে গেছে আগেই। ওভালে সিরিজের শেষ ম্যাচটা তাই অস্ট্রেলিয়ার জন্য শুধুই মর্যাদার লড়াই। সে লক্ষ্যে শুরুটা ভালোই হয়েছে সফরকারীদের। বিদায়ী টেস্ট খেলতে নামা মাইকেল ক্লার্ক অবশ্য সফল হতে পারেননি। আউট হয়েছেন ১৫ রান করে। তবে পরবর্তী অধিনায়ক স্টিভেন স্মিথ আর সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে তাদের স্কোর ২৮৭/৩।
৩-১ ব্যবধানে এগিয়ে অ্যাশেজ জয় নিশ্চিত করা ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি ইংলিশ বোলাররা। উদ্বোধনী জুটিতে ১১০ রান করে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ক্রিস রজার্স ও ওয়ার্নার। দ্বিতীয় সেশনের শুরুতে, ৩৪তম ওভারে স্বাগতিকদের ‘ব্রেক থ্রু’ এনে দেওয়ার কৃতিত্ব ফাস্ট বোলার মার্ক উডের। ক্লার্কের মতো জীবনের শেষ টেস্ট খেলতে নামা রজার্স ৪৩ রান করে ধরা পড়েন কুকের হাতে।
অন্যপ্রান্তে ওয়ার্নার অবশ্য স্বচ্ছন্দে খেলে যাচ্ছিলেন। শতকের আশাও জাগিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু ৮৫ রান করে আউট হয়ে যান মইন আলীর বলে। তার কিছুক্ষণ পর ক্লার্কের ক্ষুদ্র ইনিংসের সমাপ্তি ঘটে বেন স্টোকসের বলে।
দলীয় ১৮৬ রানে অধিনায়ককে হারানোর পর অস্ট্রেলিয়ার আর কোনো ক্ষতি হতে দেননি স্মিথ ও অ্যাডাম ভোগস। চতুর্থ উইকেটে ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। দিনশেষে স্মিথ ৭৮ ও ভোগস ৪৭ রানে অপরাজিত।

স্পোর্টস ডেস্ক