জমে উঠেছে কলম্বো টেস্ট
বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে উঠতে পারেননি কুমার সাঙ্গাকারা। আউট হয়েছেন ৩২ রান করে। বড় কোনো ইনিংস খেলে বিদায়ী টেস্টটা স্মরণীয় করে রাখতে পারবেন কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের জন্য। তবে সাঙ্গার বিদায় টেস্টটা দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে ক্রমাগত। সমানে সমানে লড়াই চালাচ্ছে সফরকারী ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা।
লঙ্কান অধিনায়ক অ্যাঙ্গেলো ম্যাথিউসের লড়াকু শতকের সুবাদে স্কোরবোর্ডে ৩০৬ রান জমা করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ভারত পেয়েছে ৯০ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য ভারতের সূচনাটা ভালো হয়নি। প্রথম ওভারেই হারিয়েছে ওপেনার লোকেশ রাহুলের উইকেট। প্রথম ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ১০৮ রানের ইনিংস এসেছিল এই ডানহাতি ওপেনারের ব্যাট থেকেই। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ৭০ রান। ৩৯ ও ২৮ রান নিয়ে ব্যাট করছেন মুরালি বিজয় ও অজিঙ্কা রাহানে।
এর আগে তিন উইকেটে ১৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনেও বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। চতুর্থ উইকেটে তাঁরা গড়েছিলেন ১২৭ রানের জুটি। দলীয় ২৪১ রানের মাথায় থিরিমান্নে আউট হওয়ার পর অবশ্য বড় আর কোনো জুটি গড়ে তুলতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। অনেকটা সময় একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক ম্যাথিউস। পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। থিরিমান্নের ব্যাট থেকে এসেছে ৬২ রান।
ভারতের পক্ষে ৪৩ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন লেগস্পিনার অমিত মিশ্র। দুটি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা।

স্পোর্টস ডেস্ক