‘আমি স্বার্থপর নই’
পায়ের জাদুতে কোটি ফুটবলপ্রেমীকে মাতিয়ে রেখেছেন লিওনেল মেসি। তিনি আক্রমণে যাওয়া মানে প্রতিপক্ষের রক্ষণভাগ তটস্থ থাকবে। ম্যাচে হবে গোলের ফুলঝুরি। তাঁর পা ফুটবল মাঠে শিল্পী হয়ে এঁকে যায়। এত যাঁর গুণ, নিশ্চয়ই তাঁর সাফল্যের ঝুলি থাকবে সমৃদ্ধ। করেছেন তাই। সব প্রতিযোগিতা মিলে নিজের ঝুলিতে যোগ করেছে ৬০০-এর বেশি গোল। কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে দ্রুততম ১২৩ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেন এই তারকা।
আর্জেন্টাইন তারকা মেসির গোলসংখ্যার দিকে তাকালে মনে হতে পারে, বিশ্বের অন্যতম এই সেরা খেলোয়াড়ের মাঠে হয়তো নজরই থাকে গোল করার দিকে। তবে তেমনটা ভাবারও অবকাশ রেখেছেন কি বার্সেলোনার এই ফরোয়ার্ড? নিজে গোল করার সুযোগ পেয়েও তিনি সতীর্থদের গোলের সুযোগ করে দিয়েছেন। লুইস সুয়ারেজ এবং বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড নেইমার যাঁর সুবিধা পেয়েছেন সবচেয়ে বেশি।
তবে নিজে গোল করার স্বার্থপর মনোভাবের কথা উড়িয়ে দিয়েছেন মেসি নিজেই। যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন তিনি মোটেও স্বার্থপর নন, ‘আগে বল পেলে নিজের মতো করে খেলার চেষ্টা করতাম। কিন্তু এখন আমি আসলে দলের জন্য খেলি। বল অন্য সবার চেয়ে আমার কাছেই বেশি আসে। কিন্তু আমি নিজে একা কিছু করার চেষ্টা করি না।‘
এরপরই মেসি বলেন, ‘আমি স্বার্থপর নই। বিভিন্ন পজিশন থেকে মাঠে দলের ভিত তৈরি করার চেষ্টা করি। আমি আগের মতোই দৌড়াই, তবে ভিন্ন পথে, ভিন্নভাবে।’

স্পোর্টস ডেস্ক