‘ওয়ার্নারদের বাড়াবাড়ি শাস্তি হয়েছে’
২০০৩ সালে ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক অসি তারকা শেন ওয়ার্ন। নিষিদ্ধ হয়ে ক্রিকেট থেকে দূরে থাকার কষ্ট বেশ ভালোই বুঝেছিলেন সাবেক এই তারকা। তবে এবার বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের শাস্তিকে বাড়াবাড়িই মনে হচ্ছে তাঁর।
গত শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় অসি ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। টিভি আম্পায়ারের বিষয়টি নজরে পড়ে। পরে অবশ্য স্মিথরা স্বীকারও করে নেন তাঁরা বল টেম্পারিংয়ের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্মিথকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ও জরিমানা করা হয়। এটা পর্যন্তই ঠিক ছিল বলে মন্তব্য করেন সাবেক এই গ্রেট। পরের শাস্তি বাড়াবাড়ি হয়েছে বলেই মনে করেন সাবেক এই স্পিনার।
এ ব্যাপারে ওয়ার্ন বলেন, ‘এঘটনায় সারা বিশ্বে আবেগের বিস্ফোরণ ঘটেছে এবং যারা অস্ট্রেলিয়া ক্রিকেট অপছন্দ করে, তারা এই সুযোগ কাজে লাগিয়েছে। এমন অনেক দেশ আছে, যারা অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান অনেক ক্রিকেটারকে পছন্দ করে না। ফলে সারা বিশ্বে আবেগের ঝড় উঠেছে এবং ঘৃণার বিস্ফোরণ ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘এটিকে পূর্বপরিকল্পিত প্রতারণা বলা হচ্ছে। কিন্তু বল টেম্পারিংয়ের কি মাত্রা আছে নাকি এটা কেবলই বল টেম্পারিং? বল উজ্জ্বল করার নামে যা করা হয়, সেটি কি শুধু বল টেম্পারিং নাকি প্রতারণা? হয় আপনি বল বিকৃত করেছেন কিংবা নয়। তাই আমার মনে হয় না, অপরাধের তুলনায় শাস্তিটা জুতসই হয়েছে।’

স্পোর্টস ডেস্ক