‘সাঙ্গাকারা, তোমাকে ধন্যবাদ’
১৫ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন কুমার সাঙ্গাকারা। ২২ গজে আর দেখা যাবে না তাঁর দৃষ্টিনন্দন শট। গ্লাভস হাতে ক্যাচ বা স্টাম্পিং করে মেতে উঠতে দেখা যাবে না উইকেট পতনের আনন্দে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু অজস্র ক্রিকেট-ভক্তর হৃদয় থেকে কি সহজে মুছে ফেলা যাবে সাঙ্গাকারাকে? উত্তরটা অবশ্যই ‘না’। কলম্বোর পি সারা ওভালে এক ভক্তের হাতে থাকা ‘আমাদের মন থেকে তুমি কখনোই বিদায় নিতে পারবে না’ প্ল্যাকার্ডটা যেন সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছিল। বিদায়ী টেস্টের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাঙ্গাকারাকে অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসালেন অনেকে।
সাঙ্গাকারার বিদায়ী টেস্ট উপলক্ষে মাঠে ছিল আবেগঘন পরিবেশ। চারদিকে ছিল একটাই বার্তা : ‘সাঙ্গাকারা, তোমাকে ধন্যবাদ।’ সাঙ্গাকারার কাছে ক্রিকেট যেমন, ক্রিকেটের কাছে সাঙ্গাকারার আবেদনও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তাঁর মতো ক্রিকেটারের জন্যই বোধহয় ক্রিকেটের আরেক নাম- ‘জেন্টলম্যানস গেম।’
সাঙ্গাকারার বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি আবারও সাঙ্গাকারাকে অভিনন্দন জানাতে চাই তাঁর অসাধারণ ক্যারিয়ারের জন্য। সপ্তাহখানেক ধরে তাঁর সম্পর্কে অনেকেই অনেক কিছু বলছেন। কিন্তু আমি আবারও না বলে পারছি না যে তাঁর বিপক্ষে খেলা আমাদের জন্য ছিল দারুণ আনন্দের বিষয়।’
ভারতের সর্বকালের সেরা ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলেন, ‘আমার মাতৃভাষায় কুমার শব্দের অর্থ ছোট ছেলে। আর বড় হলে তারা হয়ে যায় শ্রী। কিন্তু বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর মনে তুমি সবসময় কুমার হয়েই থাকবে। এখন তোমাকে স্বাগত জানাচ্ছি সাবেক ক্রিকেটারদের ক্লাবে।’
বিদায়ী টেস্টে ‘সাঙ্গা’কে দুই দলই খেলোয়াড়দের অটোগ্রাফ সংবলিত টি-শার্ট উপহার দিয়েছেন। সাঙ্গাকারার বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি উপলক্ষে মাঠে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাও। শুধু উপস্থিত থাকাই নয়, সাঙ্গাকারাকে যুক্তরাজ্যে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।
২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ ১৫ বছরে শ্রীলঙ্কান ক্রিকেটের বহু সাফল্যের রূপকার সাঙ্গাকারা। স্বদেশকে উপহার দিয়েছেন অনেক জয়। বিদায়বেলায় তাই ‘সাঙ্গা’কে কাঁধে নিয়ে ‘গার্ড অব অনার’ দিয়ে যেন নিজেদেরই সম্মানিত করলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
একজন কিংবদন্তির বিদায় তো এমনই হওয়া উচিত।

স্পোর্টস ডেস্ক