রাজশাহী কিংসের জার্সিতে ভেট্টোরি!
গত মাসেই জানা গিয়েছিল, বিপিএল দল রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন ড্যানিয়েল ভেট্টোরি। এবার সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডারের হাতে নিজেদের জার্সি তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। ভেট্টোরিকে দুই বছরের জন্য নিজেদের ডাগআউটে কোচ হিসেবে পাচ্ছে রাজশাহী কিংস।
আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচ হিসেবে এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন ভেট্টোরি। কলকাতায় এ আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেনে মাঠে নামছে ভেট্টোরির শিষ্যরা।
গতকাল শনিবার সোজা কলকাতায় উড়ে গিয়েই ভেট্টোরির হাতে জার্সি তুলে দিয়েছেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক ও পরিচালক আবদুর রাজ্জাক। জার্সি তুলে দেওয়ার সে মুহূর্তের ছবিও নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজি দলটি।

ভেট্টোরির হাতে রাজশাহী কিংসের জার্সি তুলে দিচ্ছেন দলটির প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক ও পরিচালক আবদুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
২০১৫ সালের বিশ্বকাপ দিয়েই ক্রিকেটে নিজের ক্যারিয়ার শেষ করেন ভেট্টোরি। এর পর থেকে নিজেকে জড়িয়ে রেখেছেন কোচিং সেবা দেওয়ার কাজে। আইপিএলে তো আছেনই, সঙ্গে বিগব্যাশ দল ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ভেট্টোরি। এ ছাড়া ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে কাউন্টি দল মিডলসেক্সের কোচও তিনিই।
২০১৮ ও ২০১৯ বিপিএলে রাজশাহী কিংসের কোচ হিসেবে থাকছেন ভেট্টোরি। ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার রাজশাহীর কোচ হওয়ায় বিপিএলে স্বনামধন্য কোচের তালিকাটা আরেকটু বাড়ল। ২০১৭ বিপিএলে মাহেলা জয়াবর্ধানে ও টম মুডির মতো প্রথিতযশা কোচের দেখা পেয়েছিল খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।

স্পোর্টস ডেস্ক