মেসিকে অকথ্য গালাগাল!
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে আট মাস পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। প্রত্যাবর্তনটা মোটেই সুখকর হয়নি খুদে জাদুকরের। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ৩-১ গোলে ম্যাচটা হেরে যায় লিওনেল স্ক্যালোনির দল। মরোক্কোর বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না মেসি। আর এই সংবাদে চটে যায় আর্জেন্টাইন সমর্থকরা। অকথ্য গালাগাল করে বার্সেলোনা তারকাকে ‘কুকুরছানা’র সঙ্গে তুলনা করে দলটির ভক্তরা। কিন্তু সমর্থকদের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুপারস্টার মেসি।
বুয়েন্স আয়ার্স ভিত্তিক এফএম রেডিও চ্যানেল ‘ক্লাব নাইন্টি ফোর পয়েন্ট সেভেনের’ সঙ্গে আলাপচারিতায় নিজেকে নিয়ে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন মেসি। সমর্থকদের মূল অভিযোগটা ছিল, মরক্কোর বিপক্ষে ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নেওয়া। কিন্তু মেসি জানিয়েছেন, তাঁর না খেলার মূল কারণ চোট। হতাশ কণ্ঠে বার্সা তারকা বলেন, ‘দুটো ম্যাচেই খেলতে চেয়েছিলাম। কিন্তু আমি ইনজুরি নিয়ে ফিরেছিলাম। আমার ইনজুরির ধরনটা একটু জটিল। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটার পর খুব ব্যথা হচ্ছিল। তাই অবস্থার যাতে আর অবনতি না হয়, সেজন্য মরক্কোর সঙ্গে ম্যাচটা খেলিনি।’
নিজের বিরুদ্ধে অভিযোগ আর গালিগালাজ নিয়ে মেসি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ করা এক ধরনের প্রথা হয়ে গেছে। তবে এসব আমাকে আর অবাক করে না। যে কেউ যা খুশি বলতে পারে। তবে তারা আমাকে কুকুরছানা বলে গালি দিলেই আমি তা হয়ে যাচ্ছি না। সত্যিটা হচ্ছে ডিসেম্বর থেকেই ইনজুরি ভোগাচ্ছে আমাকে। সেজন্য আমি কম অনুশীলন করছি আর সব ম্যাচও খেলছি না।’

স্পোর্টস ডেস্ক