আফগানিস্তানের সঙ্গে নাচলেন গেইল
ক্রিকেট মাঠে বরাবরই আমুদে ভঙ্গিতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। অভিনব সব উদযাপন, নাচ দিয়ে বরাবরই তাঁরা থাকেন আলোচনার কেন্দ্রে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ক্যারিবীয় ক্রিকেটারদের সেই আমুদে মনোভাবের প্রমাণ পাওয়া গেল আরো ভালোভাবে। দল হেরে গেলেও আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কিছুটা নেচে নেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। এটা নিশ্চিতভাবেই হয়ে থাকবে এবারের বিশ্বকাপের অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত।
টানা তিনটি ম্যাচে জয় দিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে কোনো চাপ ছিল না ড্যারেন স্যামিদের। ক্রিস গেইলকে তো বিশ্রামই দেওয়া হয়েছিল। শুরুতে বোলিং করে আফগানিস্তানকে মাত্র ১২৩ রানের মধ্যেই আটকে রেখেছিলেন উইন্ডিজ বোলাররা। কিন্তু এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জয় তুলে আনতে পারেননি ব্যাটসম্যানরা। আফগানিস্তানের দারুণ বোলিংয়ের মুখে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়েছিল ১১৭ রানে।
দারুণ এই জয়ের পর আফগান ক্রিকেটাররা মেতেছিলেন বাঁধভাঙা উল্লাসে। শুরু করে দিয়েছিলেন ক্যারিবীয় নৃত্য। প্রতিপক্ষের খেলোয়াড়দের এই উদযাপনে যোগ দিয়ে তাদের আনন্দটা আরো বাড়িয়ে দিয়েছেন গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানকে এভাবে পাশে পেয়ে ছবি তোলার সুযোগটাও হাতছাড়া করেননি আফগান ক্রিকেটাররা। একজন, দুজন করে ধীরে ধীরে আফগানিস্তানের সব ক্রিকেটারই গেইলকে ঘিরে ধরে ছবি তুলেছেন। গেইলও শুভকামনা জানিয়েছেন প্রতিপক্ষের ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্ক