আইপিএলে এ সপ্তাহের সেরা মুস্তাফিজ
আইপিএলের গত সপ্তাহে অনেকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল জিতেছেন দুটি ম্যাচসেরার পুরস্কার। বিরাট কোহলি খেলেছেন শতরানের ইনিংস। কিন্তু টাইমস অব ইন্ডিয়া সপ্তাহের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করেছে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। এর আগের দুই সপ্তাহে এই সম্মান পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা।
আইপিএলের শুরু থেকেই নিজের জাদুকরি বোলিং দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে দিচ্ছেন মুস্তাফিজ। গত ২৩ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রানে দুই উইকেট নিয়ে জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। ছয় দিনের বিরতি শেষে আবার মাঠে নামার পর মুস্তাফিজ যেন হয়ে উঠেছেন আরো দুর্ধর্ষ। ম্যাচসেরার পুরস্কার না জিতলেও এ সপ্তাহে সানরাইজার্স হায়দরাবাদের টানা দুটি জয়ের পেছনে মুস্তাফিজ যে অসামান্য অবদান রেখেছেন, তা অস্বীকার করার মতো মানুষ খুব কমই পাওয়া যাবে। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ভর করেই পয়েন্ট তালিকার মাঝামাঝি থেকে শীর্ষে উঠে গিয়েছিল হায়দরাবাদ।
গত শুক্রবার দারুণ ফর্মে থাকা গুজরাট লায়নসের ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে জমা করতে পেরেছিলেন মাত্র ১২৬ রান। পাঁচ উইকেটের সহজ জয় পেয়েছিল হায়দরাবাদ। দলের পক্ষে সেরা বোলিং ফিগারটা ছিল মুস্তাফিজের। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে নিয়েছিলেন দুটি উইকেট। তবে ইনিংসের শুরুতে দুটি উইকেট নিয়ে গুজরাটকে চাপের মুখে ফেলে দেওয়ার জন্য ম্যাচসেরার পুরস্কারটা অবশ্য জিতেছিলেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই ডানহাতি পেসার দুই উইকেট নিয়েছিলেন ২৮ রান খরচে।
রোববার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মুস্তাফিজ নিজেকে নিয়ে গিয়েছিলেন আরো উঁচুতে। এই ম্যাচে তিনি করেছেন আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং। তিন ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। ৮৫ রানের বড় ব্যবধানের জয় দিয়ে রানরেটে অনেক এগিয়ে গেছে হায়দরাবাদ। তবে এই ম্যাচেও ম্যাচসেরার পুরস্কারটা জিততে পারেননি ‘ফিজ’। আগের ম্যাচের মতো শুরুতে প্রতিপক্ষের বেশ কয়েকটি উইকেট তুলে নেওয়ার কারণে ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন আশিস নেহরা। ভারতের এই অভিজ্ঞ বাঁহাতি পেসার তিন উইকেট পেয়েছেন ১৫ রান খরচে।
এবারের আইপিএল শুরুর আগে শিরোপা জয়ের লড়াইয়ে কেউই হয়তো সেভাবে বিবেচনা করেননি সানরাইজার্স হায়দরাবাদের কথা। কিন্তু প্রতিযোগিতার মাঝামাঝি পর্যায়ে এসে সবারই নজর কেড়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, মুস্তাফিজ, ভুবনেশ্বর কুমাররা। ৯ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে হায়দরাবাদ। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা গুজরাট খেলেছে ১১ ম্যাচ। রানরেটের বিচারেও হায়দরাবাদ এগিয়ে আছে অন্য সবার চেয়ে। আজ মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে জয় পেলেই মুস্তাফিজরা দখল করতে পারবেন পয়েন্ট তালিকার শীর্ষস্থান। প্লে-অফ খেলার পথেও এগিয়ে যেতে পারবেন অনেকখানি।

স্পোর্টস ডেস্ক