মুস্তাফিজ যখন মূকাভিনেতা!
ভারতীয় টিভি সিরিয়াল দেখে কাঁদছেন মুস্তাফিজ! তবে কাটার মাস্টার একা নন। পাশে বসে কাঁদছেন ওয়ার্নার, মরগান ও উইলিয়ামসন! বাদ সাধলেন যুবরাজ। বন্ধ করে দিলেন টিভি।
না, আইপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলা সানরাইজার্স হায়দরাবাদের অরেঞ্জ আর্মিরা সত্যি সত্যি কাঁদছেন না। একটি কুরিয়ার সার্ভিসের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন দলের এ পাঁচ কাণ্ডারি।
আর এ পঞ্চপাণ্ডবের একজন অনিবার্যভাবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও প্রথমবারের মতো অংশ নিলেন ভারতীয় একটি বিজ্ঞাপনচিত্রে।
ডেস্ক টু ডেস্ক কুরিয়ার অ্যান্ড কার্গো (ডিটিডিসি) নামে ওই সেবার বিজ্ঞাপনটি ৫৯ সেকেন্ডের। তবে কাটার মাস্টারকে কোনো কথাই বলতে হয়নি ওই বিজ্ঞাপনে। কেবলই অভিনয় করেছেন। আর স্লোয়ার মারার মতোই সাবলীল ছিলেন মুস্তাফিজ!
ওই বিজ্ঞাপনের শুরুতে দেখা যায় মুস্তাফিজ, ওয়ার্নার, মরগান ও উইলিয়ামসন টিভি সিরিয়াল দেখে কাঁদছেন। এমন সময় যুবরাজ এসে জানান, এখন অনুশীলনের সময়। ওয়ার্নার ব্যাগ খুলে দেখেন তাঁর ব্যাটটি নেই। দিল্লি থেকে আসার সময় আনা হয়েছিল? সঙ্গীদের এ প্রশ্নের জবাব নেই ওয়ার্নারের কাছে। অন্যদের ব্যাট তিনি নেবেন না। ওয়ার্নার জানালেন, ‘ব্যাটটি আমার জন্য লাকি।’
যুবরাজ তখনই জানালেন সমাধান। ডিটিডিসিতে ফোন দিয়ে ব্যাটটি নিয়ে আসতে বলেন। মুস্তাফিজরা যখন অনুশীলনে যাওয়ার জন্য প্রস্তুত তখন মন খারাপ হায়দরাবাদের অধিনায়কের। কিন্তু একটু পরই ওয়ার্নারের মুখ আলো করে চলে আসে ‘লাকি ব্যাট।’ ১২ ঘণ্টারও কম সময়ে! সবাই অবাক!
এখন সবাই অনুশীলনে যাবে। এবারও সমস্যা। কোচ কোথায়? হায়! হায়! তিনি ফ্লাইট ধরতে পারেননি।
ডিটিডিসির সেবা পেয়ে গদগদ ওয়ার্নার এবার নিজেই ফোন দিলেন। ডিটিডিসি কোচের ডেলিভারি দিয়ে যাবে!
বিজ্ঞাপনচিত্রটি দলের অফিশিয়াল ফেসবুকে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক