পিসিবিকে ক্ষতিপূরণ দেবে বিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০১২ সালে পাকিস্তান সফর বাতিল করা হয়েছিল বলেই অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান।
এ বছরের শুরু থেকেই আর্থিক প্রাপ্তি নিয়ে দেনদরবার চলছিল দুই দেশের মধ্যে। বাংলাদেশ সফর বাতিল করে দেবে এমন হুমকিও এসেছিল পাকিস্তানের তরফ থেকে। তেমনটা অবশ্য শেষপর্যন্ত হয়নি। ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। আর শুক্রবার বিসিবিও দিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা।
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেলেন, ‘এখন পিসিবির সঙ্গে আমাদের আর কোনো শর্ত নেই। তারা প্রথমে মুনাফার ৫০ শতাংশ দাবি করেছিল আর বলেছিল যে এটা তাদের হোম সিরিজ। আমি তাদেরকে বলেছি যে এটা আমাদের হোম সিরিজ। তারা বারবারই বলছিল যে আমরা পাকিস্তান সফরে যাইনি। আমি তার জবাবে বলেছি যে প্রতিটা সভাতেই এই একই জিনিস শুনতে ভালো লাগে না। কোনো সফরে যেতে রাজি হওয়ার পরও না গেলে কী হবে সে জন্য আইসিসির নিয়ম আছে। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে (২০১২ সালে) পাকিস্তান সফরে না যাওয়ার জন্য আমাদের কী পরিমাণ অর্থ দিতে হবে। এটা এক লাখ থেকে তিন লাখ ডলার পর্যন্ত হতে পারে। সেটা তারা বিমানভাড়ার পেছনে ব্যবহার করবে, না করলে না সেটা তাদের ব্যাপার। আমরা পাকিস্তান সফরে না যাওয়ার জন্য এককালীন একটা অর্থ পরিশোধ করব।’
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান দল। সূচি চূড়ান্ত না হলেও ১৩ মে এই সিরিজ শেষ হওয়ার কথা।
এতে ব্যস্ততার সঙ্গে কাটবে বাংলোদেশ দলের। জুনে ভারত, জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকা ও সেপ্টেম্বর- অক্টোবরে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

স্পোর্টস ডেস্ক