আবাহনীকে রুখে দিয়েছে ব্রাদার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ঢাকা আবাহনী লিমিটেড। সাবেক লিগ চ্যাম্পিয়ন দলটি অবশ্য জিতেছে মাত্র দুটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচেই ড্র করেছে তারা। বুধবার ব্রাদার্স ইউনিয়ন রুখে দিয়েছে নীল-আকাশি শিবিরকে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের ৫৪ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ব্রাদার্স। পেনাল্টি থেকে দলটির নাইজেরীয় ফরোয়ার্ড এনকোচা কিংসলে গোলটি করেন।
৬১ মিনিটে খেলার সমতা আনে আবাহনী। বক্সের বাইরে থেকে চমৎকার ফ্রি-কিকে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়াকে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড লি টাক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এ ড্রয়ের সুবাদে পাঁচ ম্যাচ আবাহনীর সংগ্রহ ৯ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তাঁদের অবস্থান পঞ্চম। সমান ম্যাচ থেকে ব্রাদার্স ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। এ ম্যাচ দিয়ে শেষ হলো বিপিএলের ময়মনসিংহ পর্ব।

ক্রীড়া প্রতিবেদক