দলে জায়গা হারিয়ে পুলিশে যোগ দিলেন শাদাব খান
পাকিস্তানি তারকা ক্রিকেটারদের পুলিশের সম্মানজনক পদ দেওয়ার রীতি আগে থেকেই প্রচলিত। বর্তমানে জাতীয় দলের হয়ে খেলা তারকা পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহরা বিভিন্ন রাজ্য পুলিশের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার সেই তালিকায় যোগ হলো স্পিনার শাদাব খানের নাম।
অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের জার্সিতে খেলছেন শাদাব । এবার এই ক্রিকেটার খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন এক কারণে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার একদিন পরই পাঞ্জাব পুলিশের সম্মানসূচক ডিএসপি পদে যোগ দিলেন তিনি।
গতকাল বুধবার (২০ ডিসেম্বর) শাদাবকে সম্মানজনক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদ দিয়েছে পাঞ্জাব প্রশাসন। পুলিশে যোগদানের বিষয়টি শাদাব নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন। ডিএসপির পোশাক পরে আপ্লুত শাদাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ভিন্নভাবে সেবা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’
এর আগে, বিশ্রামের কারণ দেখিয়ে শাদাবকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে রাখেনি প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। শাবাদের দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘শাদাব টি-টোয়েন্টিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে গোড়ালির চোটের কারণে তার পুনর্বাসন প্রক্রিয়াতে আরও দুই সপ্তাহ সময় বেশি লাগবে, যার কারণে তাকে দলে রাখা হয়নি।’
আগামী ১২ জানুয়ারি থেকে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সফরে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পেসার শাহিন আফ্রিদি। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্বাস আফ্রিদি ও হাসিবুল্লাহ খান।

স্পোর্টস ডেস্ক