নতুন রূপে ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা
একটা সময় যার পায়ের জাদুতে মুগ্ধ ছিল ফুটবল বিশ্ব, যার দখলে ছিল বিশ্বের সবচেয়ে বেশি (৪৩টি) ট্রফি জয়ের রেকর্ড, সেই দানি আলভেসের ক্যারিয়ার গত দুই বছরে যেন ঝড়ের কবলে পড়েছিল। যৌন হেনস্তার অভিযোগে জেল খেটে খ্যাতির চূড়া থেকে মুহূর্তেই পতনের স্বাদ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
তবে সব বিতর্ক পেছনে ফেলে আবারও প্রিয় আঙিনায় ফিরতে চলেছেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে এবার আর সাধারণ কোনো খেলোয়াড় হিসেবে নয়, ফিরছেন অভিনব এক রূপে— একই সঙ্গে ক্লাবের মালিক ও খেলোয়াড় হিসেবে।
২০২২ সালের ডিসেম্বরে এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে ২০২৩ সালে গ্রেপ্তার হন আলভেস। দীর্ঘ এক বছরেরও বেশি সময় কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি ও মামলা থেকে খালাস পেয়েছেন। মুক্তির পর আবারও বল পায়ে মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা জাগে সাবেক এই বার্সা তারকার।
‘জেল খাটা আসামি’র তকমা গায়ে থাকায় কোনো দলই তাকে ভেড়াতে সাহস করেনি। অগত্যা নিজের পথ নিজেই তৈরি করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন আলভেস। কোনো ক্লাবের দয়ার আশায় না থেকে নিজেই একটি ক্লাব কিনে মাঠে নামার পরিকল্পনা করেছেন তিনি।
পর্তুগিজ গণমাধ্যমের খবর অনুযায়ী, আলভেস পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব ‘সাও হোয়াও দে ভের’-এর মালিকানা কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। প্রাথমিক ধাপে তিনি ক্লাবটির ৫০ শতাংশ শেয়ার নিজের নামে করে নিচ্ছেন। শুধু মালিকানা কিনেই ক্ষান্ত হচ্ছেন না, নিজের কেনা ক্লাবেই খেলোয়াড় হিসেবে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী, ছয় মাস খেলার পর বুটজোড়া তুলে রেখে অবসরে যাবেন এবং ক্লাবের বাকি ৫০ শতাংশ শেয়ারও কিনে পূর্ণাঙ্গ মালিক হবেন।
আলভেসের নতুন এই ক্লাবে বর্তমানে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার রয়েছেন, যাদের মধ্যে সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন অন্যতম।
প্রসঙ্গত, আলভেস সবশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে মেক্সিকান ক্লাব পুমাসের হয়ে। গ্রেপ্তারের পরপরই ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করেছিল। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আলভেস এখন তার ‘দ্বিতীয় ইনিংস’ কীভাবে শুরু করেন, সেটাই দেখার অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক