ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে বিপিএল ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির হুঁশিয়ারি
নানা সমালোচনায় জর্জরিত ছিল বিপিএলের গত আসর। বিশেষ করে সামনে এসেছিল ক্রিকেটার-কোচিং স্টাফদের পারিশ্রমিক ইস্যু। পারিশ্রমিক না পেয়ে তো টুর্নামেন্টের মাঝপথে অনুশীলন বর্জন করেছিল রাজশাহীর ক্রিকেটাররা।
তবে দ্বাদশ আসরের আগে আর সেই ভুলের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বকেয়া পরিশোধ নিয়ে এবার কঠোর অবস্থান নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।
বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, এবারের আসরে কোনো খেলোয়াড়ের পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি হলে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বোর্ড।
গণমাধ্যমের সঙ্গে বিপিএলের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল টুর্নামেন্ট পরিচালনার দিকটি দেখভাল করলেও আর্থিক বিষয়গুলো মূলত ফ্র্যাঞ্চাইজিরাই নিয়ন্ত্রণ করে। তবে বোর্ড সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখছে। ইতিমধ্যে গণমাধ্যমের বদৌলতে সবাই জানতে পারছে কোন দলগুলো ঠিকঠাক পাওনা পরিশোধ করছে, আর কারা পিছিয়ে আছে।’
ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করে আমজাদ হোসেন বলেন, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করতে আমরা আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। এরপরও যদি কোনো ফ্র্যাঞ্চাইজি শর্ত ভঙ্গ করে কিংবা যথাসময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তবে বিসিবি তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
বিপিএলের হারানো ভাবমূর্তি ও স্বচ্ছতা ফিরিয়ে আনাই এখন বোর্ডের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে বিসিবি পরিচালকের ভাষ্য, ‘অতীতের অভিযোগগুলো কাটিয়ে বিপিএলকে একটি স্বচ্ছ ও বিতর্কমুক্ত টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের কমিটি কাজ করে যাচ্ছে। খেলাটিকে সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

স্পোর্টস ডেস্ক