চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব দেওয়া হলো যাদের
পর্দা ওঠার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসর। তার আগেই আজ কুয়াশায় মোড়ানো সকালেও উত্তপ্ত হয়ে উঠল দেশের ক্রিকেট পাড়া। বিপিএলের একদিন আগে দল প্রত্যাহারের জন্য আবেদন করে চট্টগ্রাম রয়্যালস।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম রয়্যালসের কর্ণধার কাইয়ুম রশিদ বিসিবি বরাবর চিঠি দিয়ে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেন। এরপর জরুরি বৈঠকে বসে বিসিবি। সিদ্ধান্ত নেয় নিজেরা দল পরিচালনার। সেই বৈঠকেই নির্ধারণ করা হয় কারা পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ করা হছে মিজানুর রহমান বাবুলকে। আর টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকে। অন্যদিকে, আগে থেকেই দলটির ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে রয়েছেন তুষার ইমরান।
এর আগে শুরুতে প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনেশিয়ান মমিনুল হকের নাম জানিয়েছিল চট্টগ্রাম। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল রয়্যালস ম্যানেজমেন্ট। কিন্তু পরে জানা যায়, তিনিও আসছেন না।
এদিকে, চট্টগ্রামের দায়িত্ব নিতে বিপিএলের টেকনিক্যাল কমিটির দায়িত্ব ছেড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।

স্পোর্টস ডেস্ক