বছর শেষে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?
শেষ হতে চলল আরেকটি বছর। বিশ্ব ফুটবলে রাজত্ব করা আর্জেন্টিনা গত কয়েক বছর ধরেই অপ্রতিরোধ্য। সর্বজয়ী লিওনেল মেসিদের হারানোর কিছু নেই। ২০২৫ সালে মেজর কোনো টুর্নামেন্ট ছিল না। আর্জেন্টিনার বছর কেটেছে বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচ খেলে।
এখানেও অপ্রতিরোধ্য ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। বিদায়ী বছরে আর্জেন্টিনা খেলেছে ৯টি ম্যাচ। এর মধ্যে জিতেছে ৭টিতে। ড্র ও হার একটি করে। ৯ ম্যাচে আলবিসেলেস্তেরা করেছে ১৯ গোল, হজম করেছে মাত্র ৩টি। একমাত্র হার ইকুয়েডরের বিপক্ষে, বিশ্বকাপ বাছাইয়ে। ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে।
চমৎকার পারফরম্যান্সের পরও বছর শেষে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, দ্বিতীয় স্থানে আছেন মেসিরা। দুই বছরের বেশি সময় শীর্ষে থাকার পর বিদায়ী বছরের শেষাংশে আকাশী-সাদারা নেমেছে দুইয়ে।
১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে মেসিরা বছর শেষ করবেন দ্বিতীয় অবস্থানে থেকে। শীর্ষে আছে স্পেন। তাদের পয়েন্ট ১৮৭৭.১৮। স্পেন-আর্জেন্টিনার পর তৃতীয় স্থানে আছে ফ্রান্স। চার ও পাঁচে যথাক্রমে ইংল্যান্ড ও ব্রাজিল।
চোটের কারণে ২০২৫ সালে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। তার অভাবটা বুঝতে দেননি তরুণরা। ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজদের পাশাপাশি ফ্রাঙ্কো মাস্তাতুয়োনো, নিকো পাজ, হোয়াকিন পেনিচেলির মতো তরুণদের আবির্ভাব ঘটেছে এই বছরেই। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে আর্জেন্টিনার চোখ এখন ২০২৬ বিশ্বকাপে। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ আলবিসেলেস্তেদের সামনে।

স্পোর্টস ডেস্ক