চলতি বছর বাংলাদেশের ৭ সিরিজের সূচি ঘোষণা
নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের ২০২৬ সালের মিশন। তবে শুধু আইসিসি ইভেন্টই নয়, পুরো বছরজুড়েই ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। খেলবে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ।
আজ শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৬ সালে বাংলাদেশের সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর মোকাবিলা করবে লিটন-শান্তরা।
বছরের প্রথম বড় চ্যালেঞ্জ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলা এই মেগা ইভেন্টে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ নেপাল ও ইতালি।
বিশ্বকাপ মিশন শেষ করেই দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। মার্চ মাসে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।
মে মাসে আবারও পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে, তবে এবার লড়াই হবে সাদা পোশাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। জুনে আসবে অস্ট্রেলিয়া; তাদের বিপক্ষেও রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
বছরের দ্বিতীয়ার্ধেও বিশ্রামের সুযোগ নেই। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে পা রাখবে টিম ইন্ডিয়া। আর অক্টোবরে দুটি টেস্ট ম্যাচ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই বছর শেষ করবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরে বিপিএলের জন্য ফাঁকা রাখা হয়েছে।
এর বাইরেও মে মাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পুরো বছরজুড়েই মাঠের ক্রিকেটে বুঁদ হয়ে থাকবে দেশের ভক্ত-সমর্থকরা।

স্পোর্টস ডেস্ক