বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নোয়াখালী এক্সপ্রেস
টুর্নামেন্টে চার ম্যাচ খেলে এখনও কোনো জয়ের দেখা পায়নি নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। পঞ্চম ম্যাচটি এখন তাদের সামনে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এমন সমীকরণকে সামনে রেখে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাট করবে নোয়াখালী এক্সপ্রেস।
আজ বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
ঢাকার অধিনায়ক মিঠুন বলেন, ‘এটা নতুন উইকেট। দেখা যাক উইকেট কেমন হয়। প্রথম ইনিংস সব সময়ই দারুণ হয়। শুরুর দিকে ২-৩টি উইকেট তুলে নিতে পারলেই অনেক সহজ হবে।’
নিজেদের সর্বশেষ ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো জাতীয় দলের ওপেনার সাইফ হাসান একাদশ থেকে বাদ পড়েছেন।
প্রথম জয়ের খোঁজে নিজেদের খেলা সর্বশেষ ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে নোয়াখালী এক্সপ্রেস। আবারও একাদশে ফিরেছেন পাকিস্তানি টপঅর্ডার ব্যাটার মাজ সাদাকাত, রেজাউর রহমান রাজা। আর বিপিএল অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ বোলার আবু হাশিমের।
বাদ পড়েছেন পেসার মেহেদী হাসান রানা, আফগান পেসার বিলাল সামি আর আবু জায়েদ।
ঢাকা ক্যাপিটালসের একাদশ:
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন, ইরফান শুক্কুর, সাব্বির রহমান, নাসির হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান।
নোয়াখালী এক্সপ্রেসের একাদশ
হায়দার আলী (অধিনায়ক), সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, মাজ সাদাকাত, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ নবী, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, জাহির খান, রেজাউর রহমান রাজা, আবু হাশিম।

স্পোর্টস ডেস্ক