বিপিএলের মেগা ফাইনাল শুক্রবার
দেশের ক্রিকেটাঙ্গনে স্বস্তি নেই। বিতর্ক, বয়কট, শঙ্কা, আলটিমেটাম—গত কদিনে শব্দগুলো যেন ক্রিকেটের সমার্থক হয়ে উঠেছে। টালমাতাল অবস্থাতেই চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর। সেখানে বিতর্ক কিংবা সমালোচনা, কোনোটাই কম হয়নি। তবু, দেখতে দেখতে শেষের পথে বিপিএল।
আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস পরস্পর মোকাবিলা করবে মেগা ফাইনালে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
টুর্নামেন্ট শুরুর আগে বিতর্ক জড়িয়ে চট্টগ্রামের নামের পাশে। মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অধীনে নিয়ে নেয় সেটি। বিসিবির অধীনে চট্টগ্রাম যেন আসরজুড়ে একের পর এক মিরাকল ঘটিয়েছে। পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে জায়গা করে নেয় প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ারে উড়তে থাকা রাজশাহী মাটিতে নামিয়ে আনে দলটি। প্রথম দল হিসেবে ওঠে ফাইনালে।
অন্যদিকে, হান্নান সরকারের কোচিংয়ে দারুণ গতিতে এগিয়ে যায় রাজশাহী। প্রতিটি পদক্ষেপ যেন খুব সূক্ষ্মভাবে হিসাব করে এগিয়েছে দলটি। গ্রপপর্বে সবার সেরা হয়ে প্লে-অফে ওঠে রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে হারলেও পরেরটিতে সিলেট টাইটান্সকে হারিয়ে তারাও নিশ্চিত করে ফাইনাল।
ফাইনালের আগে তিনবার মুখোমুখি হয়েছে রাজশাহী-চট্টগ্রাম। যার প্রথমটিতে ২ উইকেটে জেতে চট্টগ্রাম। রাজশাহী শোধ নেয় পরের ম্যাচে ৩ উইকেটে জিতে। প্লে-অফে আবার বাজি জেতে চট্টগ্রাম, এবার জয়ের ব্যবধান ৬ উইকেট।
এসব অবশ্য শুধুই পরিসংখ্যান। ফাইনালের মঞ্চে হাসবে তারাই, যারা চাপকে জয় করতে পারবে।

ক্রীড়া প্রতিবেদক