বিপিএল : সেরার পুরস্কার গেল যাদের হাতে
এইত সেদিন শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ সেটির পর্দা নামল। শিরোপা নির্ধারণি মঞ্চে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ফাইনালের মঞ্চে প্রথমে ব্যাট করে ১৭৪ রান সংগ্রহ করেছিল রাজশাহী। জবাব দিতে নেমে ১৭.৫ ওভারে ১১১ রান তুলতেই গুটিয়ে গেছে চট্টগ্রাম।
রাজশাহীর এই বড় পুঁজির নায়ক ওপেনার তানজিদ হাসান তামিম। টুর্নামেন্টজুড়ে ব্যাটে শান দিয়ে রাখা এই ব্যাপার নিজের ব্যাটের ব্যবহারটা করলেন ফাইনালের মঞ্চে। দারুণ সেঞ্চুরিতে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি।
চট্টগ্রামের বোলারদের শাসন করে ৬২ বলে ১০০ রান করে আউট হন তামিম। ৬ চার আর ৭ ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। এমন ইনিংসের সুবাদে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তামিম।
অন্যদিকে, চট্টগ্রাম রয়্যালসের বোলিংয়ের কাণ্ডারি ছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্ট জুড়েই আলো ছড়িয়েছেন তিনি। ১২ ইনিংসে শিকার করেন ২৬ উইকেট। শরিফুলের ইকোনমি ছিল ৫.৮৪ আর গড় ১০.০৭। তার দল শিরোপা না জিতলেও ব্যাক্তি সাফল্যে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন শরিফুল।

স্পোর্টস ডেস্ক