ক্রিকবাজ-ক্রিকইনফো থেকে সরিয়ে দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেটের সূচি
ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি শুরু হয়েছে গত বছর থেকে। চলতি বছর মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সেটি সামনে এসেছে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় যা চরম মাত্রা নিয়েছে।
ভারতের ক্রিকেট ভিত্তিক দুটি ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ। দুটি ওয়েব সাইট প্রায় সকল খেলার লাইভ আপডেট দিয়ে থাকে। বছরের সকল ক্রিকেট ম্যাচের ফিকশ্চারও পাওয়া যায় এখানে। বাকি দেশগুলোর ফিকশ্চার এখনও আছে। তবে দুটি ওয়েবসাইটেই নেই বাংলাদেশের কোনো সিরিজের তথ্য কিংবা ফিকশ্চার।
বিশ্বকাপ খেলতে না গেলেও চলতি বছর বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। বছরের শুরুতেই সেই সিরিজের সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছর মোট ৭টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। কিন্তু ভারতের এই ওয়েবসাইট দুটিতে সেসবের কোনো তথ্য নেই।
ওয়েবসাইট দুটি ভিজিট করে দেখা যায়, ক্রিকবাজ ও ইসএনপিএনক্রিকইনফো—দুটি ওয়েবসাইটের ফিউচার সিরিজ সেকশনে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি দেওয়া আছে। এমনকি ক্রিকেটে অখ্যাত ভুটান নারী দলের সিরিজের সূচিও দেওয়া আছে।
বাকিদের সিরিজের সূচি থাকলেও বাংলাদেশ পুরুষ, নারী কিংবা বয়সভিত্তিক দল—কোনো দলেরই কোনো সিরিজের সূচি দেওয়া নেই। চলতি বছর ভারত বাংলাদেশ সফরে আসার কথা ছিল, সেই সূচিও নেই।
ক্রিকবাজে বাংলাদেশ দলের কোনো সিরিজের তথ্যই নেই। যেন বাংলাদেশ নামে কোনো দলই ছিল না। ইএসপিএনক্রিকইনফোরও মূল সেকশনে কোনো তথ্য নেই। তবে ডাউনলোড সেকশনে বাংলাদেশ সিরিজের একটি পিডিএফ ফাইল আছে। এটি ২০২৩ সালে আপলোড করা। যেখানে আইসিসির এফটিপি অনুযায়ী সিরিজগুলো রয়েছে। এখান থেকেও বাদ দিতে হলে মহা ঝামেলা পোহাতে হবে তাদের। কারণ, তখন আবার নতুন করে পুরো ফাইলটি তৈরি করতে হবে।

স্পোর্টস ডেস্ক