চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে আবার বেনফিকাকেই পেল রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য যেন রিয়াল মাদ্রিদ আর বেনফিকাকে একই সুতোয় গেঁথে দিল। যে দলের বিপক্ষে হেরে সরাসরি শেষ ষোলোর স্বপ্ন ভেঙেছিল, আবারও সেই বেনফিকার বিপক্ষেই প্লে-অফে লড়তে হবে রিয়ালকে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব শেষ হয়েছে গত বুধবার। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিজেদের দেশেরই আরেক ক্লাব মোনাকোকে। এছাড়া ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান খেলবে নরওয়ের ক্লাব বুদে/গ্লিম্টের বিপক্ষে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়ালকে বিধ্বস্ত করে দেয় বেনফিকা। দারুণ জয়ে রিয়ালের সরাসরি প্লে-অফে খেলার আশা ভেঙে দেয় পর্তুগিজ এই ক্লাবটি। নাটকীয় ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় বেনফিকা। এ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে ৩ নম্বর থেকে ৯ নম্বরে নেমে যায় রিয়াল।
অন্যদিকে, গত আসরের রানার্সআপ ইন্টার মিলানকে লড়তে হবে নবাগত বুদে/গ্লিম্টের সাথে। উল্লেখ্য, এই বুদে/গ্লিম্টই আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছিল। এছাড়া ইতালির আরেক বড় দল জুভেন্টাস খেলবে তুরস্কের গালাতাসারাইয়ের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এরপর ফিরতি লেগের লড়াই হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। এই প্লে-অফে যারা জিতবে, তারাই জায়গা করে নেবে শেষ ষোলোতে।
প্লে-অফে মুখোমুখি যারা :
বেনফিকা-রেয়াল মাদ্রিদ
মোনাকো-পিএসজি
কারাবাখ-নিউক্যাসল ইউনাইটেড
বুদে/গ্লিম্ট-ইন্টার মিলান
গালাতাসারাই-ইউভেন্তুস
বরুশিয়া ডর্টমুন্ড-আতালান্তা
ক্লাব ব্রুজ-আতলেতিকো মাদ্রিদ
অলিম্পিয়াকোস-বায়ার লেভারকুজেন।

স্পোর্টস ডেস্ক