ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত কার, জানালেন পাকিস্তান অধিনায়ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না ভারত-পাকিস্তান দ্বৈরথ। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না ভারত। যা নিয়ে এখন তোলপাড় চলছে ক্রিকেট দুনিয়ায়। পাশাপাশি এটি বাড়িয়ে দিয়েছে ভারত-পাকিস্তানের সার্বিক দ্বন্দ্ব।
এমন সিদ্ধান্তে কী ভাবছেন পাকিস্তানের ক্রিকেটাররা, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা কথা বলেছেন এই ইস্যুতে। তবে জানিয়েছেন, তাদের আসলে কিছু করার নেই।
সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি। যে সিদ্ধান্ত (বয়কট) আমাদের নয়, তা নিয়ে আমাদের কিছু করার নেই। আমাদের সরকার যা বলবে, বোর্ড (পিসিবি) চেয়ারম্যান যা বলবে, সেটিই করতে হবে। বিশ্বকাপে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে আমরা খেলব, তিনটিই গুরুত্বপূর্ণ। চার ম্যাচ খেললেই চারটিই গুরুত্বপূর্ণ ছিল।‘
ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা সবসময় তুঙ্গে থাকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সূচি অনুযায়ী, গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে দল দুটির। সেই ম্যাচ এখন শঙ্কার মুখে। কারণ, ক্রিকেটারদের বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পর আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় ক্রিকেটবোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা অবশ্য আইসিসির বিবৃতির পক্ষে সায় দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানান, আইসিসির সঙ্গে বসার আগে বিসিসিআই কোনো মন্তব্য করবে না।
রাজীব শুক্লা বলেন, ‘এই ব্যাপারে (পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট) আইসিসি বড় একটি বিবৃতি দিয়েছে। তারা খেলাধুলার নীতি-নৈতিকতা নিয়ে কথা বলেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। তবে, আইসিসির সঙ্গে বসার আগ পর্যন্ত কোনো মন্তব্য করবে না বিসিসিআই।’

স্পোর্টস ডেস্ক