২৭ বছর পর বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ শুরু
খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। ইদানিংকালে বরং খেলার চেয়ে ধুলার পরিমাণ বেড়েছে। বিশেষত ক্রিকেটে। আরও নির্দিষ্ট করে বললে উপমহাদেশে। বিশ্বব্যাপী ক্রিকেটের যতটুকু জনপ্রিয়তা, উপমহাদেশেই তার অধিকাংশ। এখানকার মানুষের কাছে ক্রিকেট কেবল একটা খেলায় সীমাবদ্ধ নয়। উপমহাদেশের ক্রিকেটীয় সংস্কৃতিতে বাংলাদেশ বেশ এগিয়ে। এদেশের মানুষের কাছে ক্রিকেট একদিকে, বাকি সব অন্যদিকে।
সেই বাংলাদেশ এবার নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে। যার কারণ রাজনীতি! ২০২৪ এর জুলাই অভ্যুত্থানের পর প্রতিবেশী ভারতের সঙ্গে যে বৈরিতা, তা গত দেড় বছরে ডালপালা মেলে বিস্তৃত হয়েছে। যার ফলে ভারতে নিজেদের নিরাপদ ভাবছে না বাংলাদেশ ক্রিকেট দল। না ভাবার পেছনে অসংখ্য যৌক্তিক কারণ আছে। কিন্তু ক্রিকেটের হর্তাকর্তা আইসিসি সেসব যুক্তির তোয়াক্কা করেনি। বারবার চাওয়ার পরও বিশ্বকাপের ভেন্যু সরেনি ভারত থেকে। বাংলাদেশও তাই যায়নি বিশ্বকাপে খেলতে।
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৫টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে (ওয়ানডে ৬টি, টি-টোয়েন্টি ৯টি)। সবকটিতে বাংলাদেশ ছিল। অধিনায়কের ফটোসেশনে লাল-সবুজের প্রতিনিধি ছিলেন, ছিল লাল-সবুজ পতাকা। যদি এমন হতো, বাছাইপর্ব পার হতে পারেনি বাংলাদেশ, মানা যেত। কিন্তু, নিজেদের ওপরে রাখতেই কি না বাংলাদেশের নিরাপত্তা শঙ্কাকেও আমলে নেয়নি আইসিসি। ফলাফল, ক্রিকেটীয় কূটনীতিতে বড় ধাক্কা।
এবারের বিশ্বকাপ বেশ বড় পরিসরে হচ্ছে। বেশ না বলে সবচেয়ে বড় বললে ভুল হবে না। প্রথমবার অংশ নিয়েছে ২০টি দল। সেখানেই কি না বাংলাদেশ অনুপস্থিত। এতে আবেদন কমেছে টুর্নামেন্টের। বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বিতর্কের পর বিতর্ক জন্ম দিয়ে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। আনন্দ নেই আইসিসির। স্বস্তি আছে। পক্ষান্তরে ভয় আছে হাজার হাজার কোটি টাকা লোকসানের।
বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে বিকেলে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্কটল্যান্ডের। স্কটল্যান্ড সুযোগ পেয়েছে বাংলাদেশের পরিবর্তে। যদি সব ঠিক থাকত, ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ওই যে যদি সব ঠিক থাকত, তাহলে! যেহেতু কিছুই ঠিক নেই, বাংলাদেশও টুর্নামেন্টে নেই। তাই, প্রথম ওয়ানডে বিশ্বকাপের ২৭ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯ বছর পর বাংলাদেশকে ছাড়াই চলছে বিশ্বসেরা হওয়ার লড়াই।

স্পোর্টস ডেস্ক