বিসিবি-পিসিবির সঙ্গে বৈঠক শেষে কী জানাল আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এরপর বিশ্বকাপে আর্থিকভাবে মহাসংকটে পড়েছে আইসিসি।
এই অচলাবস্থা কাটাতে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিপাক্ষিক বৈঠক করেছে আইসিসি, পিসিবি ও বিসিবি। বৈঠকে বিসিবির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পিসিবির পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান মহসিন নাকভি আর আইসিসির পক্ষ থেকে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।
বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনটি দাবি জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি। দাবিগুলো হলো- বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।
এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, এই দাবির পর আইসিসি জানিয়েছে, বাংলাদেশকে আলাদা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। তবে আইসিসির আয় থেকে বাংলাদেশকে তাদের পূর্ণ অংশ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পরামর্শ দিয়েছেন, পিসিবি চাইলে বিষয়টি আইসিসির সালিশি কমিটি বা বোর্ড সভায় তুলতে পারে। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তিনি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছেন।
এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করে, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী নীতি’ বলে সমালোচনা করে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না।
গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক স্ট্যাটাসে ঘোষণা দেয়, ‘পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে না। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

স্পোর্টস ডেস্ক