পাকিস্তানের সিদ্ধান্ত পরিবর্তনে হাফ ছেড়ে বাঁচল আইসিসি
অবশেষে কাটল সব অনিশ্চয়তার মেঘ। দীর্ঘ টানাপোড়েন শেষে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচটি খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে সূচি অনুযায়ী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান দল। পাকিস্তান সরকারের এই সবুজ সংকেতে হাফ ছেড়ে বেঁচেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাদের দলকে ভারতের বিপক্ষে খেলার অনুমতি দেয়। এর আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে চিঠি পাঠিয়েছিল শ্রীলঙ্কা এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
তবে বিশ্বকাপ নিয়ে জমা বরফ গলতে শুরু করে লাহোরে অনুষ্ঠেয় বিসিবি, পিসিবি ও আইসিসির ত্রিপাক্ষিক বৈঠকে। গত রোববার প্রায় চার ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। সেখানেই সমস্যার সমাধান হয়।
জানা গেছে, পাকিস্তান যদি তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থাকত, তবে আইসিসির ক্ষতি হতো ১৭ কোটি ৪০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৮৫ কোটি টাকা। ব্রডকাস্টার, স্পন্সর ও টিকিট বিক্রির টাকা মিলিয়ে এই বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ‘যদি এই ম্যাচটি না হতো, তবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে স্পন্সরদের বিপুল পরিমাণ অর্থ ফেরত দিতে হতো আইসিসিকে। সব মিলিয়ে লোকসানের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত।’
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, ‘বিভিন্ন দেশের অনুরোধ এবং দীর্ঘ আলোচনার পর জাতীয় স্বার্থে এবং বন্ধুত্বের খাতিরে পাকিস্তান দলকে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে।’

স্পোর্টস ডেস্ক