পাকিস্তানের ম্যাচ খেলার ঘোষণায় যা বলল ভারত
বিশ্বকাপ নিয়ে সৃষ্টি হওয়া জট খুলেছে অবশেষে। ত্রিপাক্ষিক বৈঠক এবং বিভিন্ন দেশের আহ্বানের পর ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল।
পাকিস্তানের আনুষ্ঠানিক ঘোষণার পর আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া জানান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। এই সিদ্ধান্তকে চমৎকার সমাধান আখ্যা দিয়ে আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
রাজিব শুক্লা বলেন, ‘একটি দারুণ সমাধান বের করার জন্য আমি বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা এবং সব পক্ষের কথা শোনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সবার স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা। তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলা এগিয়ে যেতে হবে এবং বিশ্বকাপ এখন সফল হবে। আইসিসির জন্য এটি একটি বড় সাফল্য। এমনকি বিসিবিও আইসিসির প্রশংসা করেছে। সবার স্বার্থ বিবেচনা করে এবং সব পক্ষের কথা শুনেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।’
এর আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। সরাসরি পাকিস্তান সরকারের পক্ষ থেকে আসে এই ঘোষণা।
এরপর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে চিঠি লেখে আইসিসি, শ্রীলঙ্কা ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড। তাতেও অবশ্য মন গলেনি পাকিস্তানের।
গত ৮ ফেব্রুয়ারি লাহোরে বৈঠকে বসে বিসিবি, পিসিবি ও আইসিসি। চার ঘন্টার সেই বৈঠকের পর সিদ্ধান্তে পৌঁছায় পাকিস্তান। পরবর্তীতে ঘোষণা আসে ভারত ম্যাচে খেলার।

স্পোর্টস ডেস্ক