ক্রীড়াঙ্গন থেকে জয় পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গনের খুব বেশি মুখ ছিল না। বিশেষ করে সরাসরি মাঠের খেলায় লড়াই করা তারকার সংখ্যা ছিল একেবারেই কম। তবে, নির্বাচনে লড়াই করেছেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। তাদের মধ্যে বেশিরভাই জয় পেয়েছেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রাজনীতিবিদের বাইরে তার আরও একটি পরিচয় আছে। সত্তর দশকে পাকিস্তান জাতীয় দল এবং পরবর্তীতে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবলের মাঠ কাঁপিয়েছেন তিনি। ছিলেন বাফুফের সভাপতিও। ভোলা-৩ আসনে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন তিনি। জয়ও পেয়েছেন মেজর হাফিজ।
ঢাকা-৬ আসন থেকে বিএনপির ধানের শীষ নিয়ে জয় পেয়েছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ও প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা-৮ থেকে জয় পেয়েছেন সাবেক ক্রীড়ামন্ত্রী ও মোহামেডানের সাবেক সংগঠক মির্জা আব্বাস।
খুলনা-৫ আসন থেকে ধানের শীষ নিয়ে জয় পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও আবাহনী ক্লাবের সাবেক পরিচালক আলী আসগর লবি, কুমিল্লা-৬ আসন থেকে জয় পেয়েছেন মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা মনিরুল হক চৌধুরী।
এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে একইভাবে ধানের শীষ নিয়ে জয় লাভ করেছেন মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম, নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন জয় লাভ করেছেন।
চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ নিয়ে জয় লাভ করেছেন ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন।

স্পোর্টস ডেস্ক