কেমন হলো ভারত-পাকিস্তানের ৬ হাজার কোটি টাকার ম্যাচ?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের এই ম্যাচ নিয়ে কম জল ঘোলা হয়নি। দুই দেশের এই লড়াইকে বলা হয় মহারণ কিংবা দ্বৈরথ। ক্রিকেট প্রেমীরাও অপেক্ষায় থাকেন এই ম্যাচের। অর্থনৈতিক বাজারেও এই ম্যাচের মূল্য অনেক। কিন্তু প্রশ্ন হলো- কেমন হলো এই ম্যাচ?
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। গণমাধ্যমের খবর ছিল, বাংলাদেশকে মোটা অঙ্কের জরিমানা করবে আইসিসি। দেবে না বার্ষিক রাজস্বও।
তবে আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল পাকিস্তান। প্রতিবাদস্বরূপ ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল তারা। শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হয়, বাংলাদেশকে নিয়ে বৈঠকে বসতে। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে অন্যান্য সুবিধা দিতে।
কারণ ছিল একটি, মার্কেটে ভারত-পাকিস্তান ম্যাচের মূল্য। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এই ম্যাচ থেকে আয় প্রায় ৬ হাজার কোটি টাকা। যা বিশ্বকাপ থেকে মোট আয়ের প্রায় ৪৩ শতাংশ।
মাঠের বাইরের আলোচনায় আকাশচুম্বী এই ম্যাচ অবশ্য মাঠের খেলায় আলোচনা তৈরি করতে পারেনি। একপেশে জয় তুলে নিয়েছে ভারত। কোনো লড়াই করতে পারেনি পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ইশান কিষাণের ৪০ বলে ৭৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৫ রান করেছিল ভারত। ইশানের সঙ্গে তিলক ২৪ বলে ২৫, সূর্যকুমার ২৯ বলে ৩২ আর শিভাম দুবে ১৭ বলে ২৭ রানের ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে পাকিস্তানের ব্যাটাররা যেন চোখে সরষে ফুল দেখেছেন। এক উসমান খান বাদে কেউই লড়াই করতে পারেননি। সবাই অসহায় আত্মসমর্পণ করে যাওয়া-আসার মিছিল ভারি করেছেন।
পুরো ইনিংসে মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছে। এর মধ্যে আবার দুজন ছিলেন দশের ঘরেই। ৩৪ বলে সর্বোচ্চ ৪৪ রান করেছেন উসমান খান। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ রান করেছেন শাহিন শাহ আফ্রিদি। এর বাইরে শাদাব খান ১৫ বলে ১৪ আর ফাহিম আশরাফ ১৪ বলে ১০ রান করেছেন।
পাকিস্তানের টপঅর্ডারের চার ব্যাটারই এদিন ব্যর্থ ছিলেন। ওপেনার শাহিবজাদা ফারহান কোনো রান না করেই ফেরেন প্রথম ওভারে। দ্বিতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর শিকার হন সাইম আইয়ুব (২ বলে ৬) আর সালমান আলি আঘা (৪ বলে ৪)। অভিজ্ঞ বাবর আজমও দায়িত্ব নিতে পারেননি। ৭ বলে ৫ রান করে ফিরেছেন হতাশ করে।
এমন একপেশে ম্যাচে দর্শকরা যেই আশা নিয়ে এসেছিলের সেটির হয়তো ছিটেফোঁটাও পূরণ হয়নি। গ্যালারির একপাশে কেবলই দেখা গেছে ভারতীয় দর্শকদের উচ্ছ্বাস-উদযাপন। অন্যপাশে, পাকিস্তানি সমর্থকদের বিষাদমাখা মুখ ধরা পড়েছে ক্যামেরায়।

স্পোর্টস ডেস্ক